২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে চীনের পূর্বাঞ্চলে।

রয়টার্স

রয়টার্স

Published : 12 Jul 2015, 03:20 AM

Updated : 22 Aug 2022, 12:46 PM

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার বিকালের দিকে টাইফুন ‘চ্যান-হোম’ ঝিজিয়াং এবং জিয়াংসুতে আঘাত হানে।

তবে আগেভাগেই এই দুই প্রদেশের প্রায় দশ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টাইফুনের প্রভাবে চীনে বিমান, রেল ও নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে।  

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে শক্তিশালী টাইফুন। 

টাইফুনের কারণে দেশটির বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর ও হংকিয়াও বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। 

সিনহুয়া জানিয়েছে, এসব প্রদেশের সব স্কুল এবং বিমানের ফ্লাইট ও ট্রেন চলাচল বাতিল করার পাশাপাশি ৫১ হাজারেরও বেশি জাহাজ বন্দরগুলোয় ফিরে এসেছে। 

ঝড়ের প্রভাবে জিয়াংসু, ঝিজিয়াং, সাংহাই ছাড়াও আনহুই ও ফুজিয়ান প্রদেশেও ভারি বৃষ্টি হচ্ছে।   

ঝিজিয়াং কর্তৃপক্ষের হিসাবে টাইফুন ‘চ্যান হোম’র আঘাতে প্রায় ৩১৪ মিলিয়ন ডলারের মতো ক্ষয়ক্ষতি হতে পারে।