২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেব্রেনিকায় সার্বিয়ার প্রধানমন্ত্রীর ওপর জনতার হামলা  

বসনিয়ার সেব্রেনিকা গণহত্যার ২০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে শোকার্ত জনতার ছোঁড়া ঢিল থেকে অনেকটা পালিয়ে আত্মরক্ষা করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্ডার ভুসিচ।

রয়টার্স

রয়টার্স

Published : 12 Jul 2015, 03:00 AM

Updated : 12 Oct 2022, 04:00 PM

যুগোস্লাভিয়া থেকে আলাদা হওয়ার সময় ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা যুদ্ধের সময় বসনিয়ার সার্বদের অর্থ এবং সামরিক সহায়তা দিয়েছিল সার্বিয়া।

সে সময় সার্বদের হাতে সেব্রেনিকায় প্রায় আট হাজার বসনিয় মুসলিম পুরুষ ও বালক নিহত হয়েছিল। আর পুরো যুদ্ধে প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়।   

যুগোস্লাভিয়া যুদ্ধের সময় সার্বিয়ার কট্টোর জাতীয়তাবাদী নেতা ছিলেন ভুসিচ।    

সেব্রেনিকা গণহত্যার ২০তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও আরো অনেকের সঙ্গে আমন্ত্রিত ছিলেন ভুসিচ।

সেব্রেনিকায় নিহতদের সমাধিতে ফুল দিতে গিয়ে শোকার্ত জনতার রোষের মুখে পড়েন সার্বিয়ার প্রধানমন্ত্রী।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরপরই জনতা ভুসিচকে লক্ষ্য করে ঢিল ও বোতল ছুঁড়তে থাকে। ঢিলের আঘাতে তার চশমাও ভেঙ্গে যায়।

এসময় দ্রুত দেহরক্ষীরা ভুসিচকে ঘিরে ধরে জনতার ভিড় ঠেলেই সেখান থেকে বের করে নিয়ে যায়। হামলার সময় অনেককেই ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিতে শোনা যায়।

পরে বেলগ্রেডে ফিরে সাংবাদিকদের বলেন, “এটা কোনো অঘটন নয়। এটা সংগঠিত হামলা ছিল।”

এই ঘটনায় বসনিয়া সরকারের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে সার্বিয়া।

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবোয়া স্তেফানোভিচ বলেছেন, “আলেকজান্ডার ভুসিচকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা হয়েছে।”

ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং বসনিয়াও এই হামলার নিন্দা জানিয়েছে।