২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বোমা হামলায় নিহত ৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের বিদ্রোহ কবলিত তিনটি রাজ্যে আটটি বিচ্ছিন্ন বোমা হামলা ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 04:15 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

এক প্রতিবেদনে ব্যাংকক পোস্ট জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব বোমা হামলায় আরো ১১ জন আহত হয়েছেন।

নারাথিওয়াট, শঙ্খলা ও ইয়ালা প্রদেশে এসব হামলা চালানো হয়েছে। এই প্রদেশগুলোর কট্টর ইসলাপন্থী বিচ্ছিন্নতাবাদীরা প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার সঙ্গে অঞ্চলটিকে একীভূত করতে চায়।

আটটি বোমাহামলার মধ্যে ছয়টি নারাথিওয়াট প্রদেশের সুঙ্গাই গোলক জেলায় চালানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে হামলাগুলো চালানো হয়েছে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে অভ্যন্তরীণ সিকিউরিটি অপারেশন কমান্ড (আইএসওসি) ।

জেলার লুক সুয়া নুসোর্ন সড়কের জেনি কিচেন ও প্যাট গ্রিল রেস্তোরায় বড় ধরনের পটকা ছুঁড়ে মারা হলেও কেউ হতাহত হননি।

এছাড়া এশিয়ার শীর্ষস্থানীয় হোটেল সোই প্রাচা ভিভাট ২-র এর সামনে একটি বোমার বিস্ফোরণে আটজন আহত হয়েছেন।

মধ্যরাতের পর একই জেলার তিনটি এলাকায় বিস্ফোরণ ঘটানোর পর আগুন ধরে যায়। এখানে বিস্ফোরণে ও আগুনে তিনজন নিহত হন।

শঙ্খলার সাদাও জেলার পাদাং বেসার এলাকায় একটি মোটরসাইকেলে পেতে রাখা হাতে তৈরি বোমার বিস্ফোরণে তিনজন নিহত ও আরো তিনজন আহত হন।

শনিবার সকাল ৭টায় ইয়ালার থান তো উপজেলায় অপর একটি বোমার বিস্ফোরণে আটটি বৈদ্যুতিক খাম্বা ক্ষতিগ্রস্থ হয়, এতে বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।