ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বন্ধ ৫ বিমানবন্দর
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ণ্যুৎপাতের কারণে ধোঁয়া আর লাভার স্রোতের মুখে বন্ধ হয়ে গেছে ৫টি বিমানবন্দর। এর মধ্যে রয়েছে পর্যটন দ্বীপ বালির বিমানবন্দরও।পরিবহন কর্মকতারা একথা জানিয়েছেন।
পূর্ব জাভার আগ্নেয়গিরি মাউন্ট রায়ুংয়ের মুখ থেকে প্রায় এক সপ্তাহ ধরে ধোঁয়া বেরোচ্ছে। প্রবল বেগে বেরোচ্ছে লাভাও। এর ফলে বিমান নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।
দ্বিতীয় দিনের মত বাতিল হয়ে গেছে বালি ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফ্লাইট। বিমানবন্দরে আটকা পড়েছেন যাত্রীরা। বালি দ্বীপটি অস্ট্রেলিয়দের জন্য অবকাশ যাপন কেন্দ্র।
বাতিল হয়েছে আরো তিন শতাধিক ফ্লাইট। বাতিল হওয়া উড়ানের মধ্যে দেড়শোটির বেশি দেশীয় এবং ১৭০টি আন্তর্জাতিক ফ্লাইট বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বিমান পরিবহণ সংস্থা।
ভোগান্তির শিকার হচ্ছেন আটকে পড়া যাত্রীরা। তাছাড়া, শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দুর্ভোগের শিকার হচ্ছেন ইন্দোনেশিয়ায় বেড়াতে যাওয়া পর্যটকরাও।
