গ্রিসের জন্য ঋণমুক্তির আহ্বান ইইউ’র
গ্রিসের সঙ্গে নতুন ঋণচুক্তির অংশ হিসাবে ঋণমুক্তির আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান ডোনাল্ড তুস্ক।
গ্রিস আসন্ন দেউলিয়াত্ব এড়াতে নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব দিলে এ ঋণ মওকুফ করার প্রস্তাব দেন তিনি। গ্রিসের ঋণমুক্তির জন্য আন্তর্জাতিক আবেদন বাড়তে থাকার মাঝে তুস্ক এ আহ্বান জানালেন।
এথেন্সের সবচেয়ে বড় ঋণদাতা দেশ জার্মানির জন্য এ আহ্বান এক চ্যালেঞ্জ। জার্মানি এ পর্যন্ত গ্রিসের ঋণ মওকুফের বিষয়টি অবৈধ বলে নাকচ করে এসেছে এবং গ্রিসের সহায়তার জন্য ঋণ পুনর্গঠনের ব্যাপারে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে।
দেশকে উদ্ধারে এ সপ্তাহ শেষে তৃতীয়বারের মত অর্থনৈতিক উদ্ধার চুক্তি করতে গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বৃহস্পতিবার মধ্যরাতে ইউরোজোন কর্তৃপক্ষের কাছে পেশ করার জন্য কর বাড়ানো এবং পেনশন সংস্কারের একটি কঠিন প্যাকেজ চূড়ান্ত করছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক গ্রিসের এ পরিকল্পনা বাস্তবসম্মত হবে বলেই আশা প্রকাশ করেছেন। রোববার ইউরোগ্রুপের একটি বিশেষ সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবেন তুস্ক। ওই সম্মেলনেই গ্রিসের ভাগ্য নির্ধারণ হবে।
তিনি বলেন, “গ্রিসের কাছ থেকে আসা বাস্তবসম্মত প্রস্তাবটি ঋণদাতাদের কাছ থেকেও আসা টেকসই ঋণের একইরকম বাস্তবসম্মত প্রস্তাবের সঙ্গে খাপ খেতে হবে। আর তখনই দুপক্ষে একটি জয়জয়কার পরিস্থিতি সৃষ্টি হবে। আর তা না হলে গত ৫ মাস ধরে যে অচলাবস্থা চলে এসেছে তাই চলতে থাকবে।”
রোববার একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে এবং আগামী কয়েক সপ্তাহে এথেন্সকে ঋণ সঙ্কট সামাল দেয়ার জন্য কিছু অর্থ দিতে না পারলে আগামী সপ্তাহেই গ্রিসের ব্যাংকগুলোর পতন ঘটতে পারে। এতে করে অর্থনীতি নিম্নগামী হয়ে দেশটি ইউরোজোন থেকে বেরিয়ে যেতে পারে।
কোনো চুক্তি না হলে সেক্ষেত্রে ২৮ জাতি ইউরোপীয় ইউনিয়নের নেতারা গ্রিসের পতনের ক্ষয়ক্ষতি সীমিত পর্যায়ে রাখার পন্থা নিয়ে আলোচনা করবেন। যেমন: গ্রিসের জন্য মানবিক সাহায্য দেয়া, সীমান্ত নিয়ন্ত্রণ করা এবং প্রতিবেশী দেশগুলোর প্রভাব কমানো প্রভৃতি।
