২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চুক্তি করার জন্য যা করা সম্ভব সবই করছে গ্রিস’

আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে একটি আস্থাশীল চুক্তি করার বিষয়ে গ্রিস আত্মবিশ্বাসি এবং ওই চুক্তি দেশের পার্লামেন্টের অনুমোদনও পেতে পারে বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র গ্যাব্রিয়েল সাকেলারিদিস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jul 2015, 03:22 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

বৃহস্পতিবার গ্রিসের অ্যান্টেনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, “আমি নিশ্চিত ওই চুক্তিটি সিরিজার পার্লামেন্ট দল সরকারি জোটের সহায়তায় পাশ করাবে।” 
 
“যত শিগগির সম্ভব একটি চুক্তি করার জন্য সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে এবং এই অনিশ্চয়তার চক্র ভাঙতে চাইছে।” 
 
এদিকে বুধবার গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে তিনি ‘বিশ্বাসযোগ্য’একটি সংস্কার প্রস্তাব ইউরো জোনের কাছে পেশ করবেন। 
 
বুধবার ইউরোপীয় পার্লামেন্টে গ্রিসের ঋণ সংকট নিয়ে একটি উত্তপ্ত বিতর্ক চলার সময় সিপ্রাস এ প্রতিশ্রুতি দিয়েছেন।  
 
এ সময় পূর্ববর্তী বেইল আউট কর্মসূচী গ্রিসকে একটি “ব্যয় সংকোচনের গবেষণাগারে’ পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি। 
 
রোববারের গণভোটে গ্রিসের নাগরিকরা ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই দিন প্রথমবারের মতো সিপ্রাস ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিলেন। 
 
ভাষণ দেওয়ার জন্য পার্লামেন্টে প্রবেশ করার পর সিপ্রাসকে ব্যাপক করতালি ও অনুমোদন সূচক কথা বলে অভিনন্দন জানান পার্লামেন্টের সদস্যরা। 
 
ইউরোপীয় ইউনিয়নন (ইইউ) রোববারের মধ্যে একটি সমাধান খুঁজে বের করতে গ্রিসকে সময় বেঁধে দিয়েছে। পাশপাশি ঋণদাতাদের সঙ্গে চুক্তিতে পৌঁছতে বৃহস্পতিবারের মধ্যে একটি নতুন প্রস্তাব পেশ করতে বলেছে। 
 
এই সময়ের মধ্যে গ্রিসের সঙ্গে ঋণদাতাদের সমঝোতা না হলে গ্রিসকে ইউরো জোন থেকে বের হয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে শুধু গ্রিস নয়, পুরো ইউরোজোনের অর্থনীতিই সংকটের মুখে পড়বে। 
 
পরিস্থিতি পর্যালোচনায় শুধু ইউরোজোনের ১৯টি দেশ না, পুরো ইইউ-র ২৮ সদস্য রাষ্ট্রকে নিয়ে রোববার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। 
 
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক চলতি ক্ষণটির বিষয়ে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, “ইউরোজোনের ইতিহাসে এই সময়টিই সবচেয়ে সঙ্কটজনক সময়।” 
 
“চূড়ান্ত সময়সীমা চলতি সপ্তাহেই শেষ হবে,” মঙ্গলবার ব্রাসেলসে ইউরোজেনের নেতাদের এক জরুরি বৈঠকের পর বলেছেন তিনি। 
ব্যাংক খাতকে দেউলিয়ার হয়ে যাওয়া থেকে রক্ষা করতে ও একক মুদ্রা ইউরোর অংশীদারিত্ব থেকে বাদ পড়া এড়াতে তৃতীয় বেইল আউটের (আর্থিক পুনরুদ্ধারে ঋণ সহায়তা) জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রিস।