২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ দিয়ে সরকারের পতন ঘটিয়েছিলেন বার্লুসকোনি

২০০৮ সালে ইতালির তৎকালীন মধ্য-বামপন্থি সরকারের পতন ঘটাতে ঘুষ দেওয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন সিলভিও বার্লুসকোনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 06:14 AM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বুধবার দেশটির নেপলসের একটি আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

চার বারের প্রধানমন্ত্রিত্বের পর ক্ষমতা হারানো বার্লুসকোনিকে সেইসঙ্গে আগামী পাঁচ বছর জনপ্রতিনিধি হিসেবে কাজের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

আইনের মারপ্যাঁচে ৭৮ বছর বয়সী এই ধনকুবেরকে জেল খাটতে না হলেও রোমানো প্রোদি নেতৃত্বাধীন মধ্য-বামপন্থি জোট সরকারকে হটানোয় যে ষড়যন্ত্র ছিল, তা আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

ক্ষমতাগ্রহণের দুই বছরের মাথায় ২০০৮ সালে পতন ঘটে প্রোদি সরকারের এবং তারপর নির্বাচনে মধ্য-ডানপন্থি জোট নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছিলেন বার্লুসকোনি।

তখন প্রোদি সরকার থেকে বেরিয়ে যেতে সিনেটর সার্জিও দি গ্রেগেরিওকে ৩৩ লাখ ইউরো বার্লুসকোনি ঘুষ দিয়েছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। ওই সিনেটর তা আদালতে স্বীকারও করেছেন।

বুধবার রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বার্লুসকোনি, তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। তার আইনজীবী নিক্কোলো গেদিনি বলেছেন, এই দণ্ড ‘অযৌক্তিক’ এবং তার মক্কেলের উপর ‘অবিচার’ হয়েছে।

সেই সঙ্গে এই আইনজীবী বলেন, ‘স্ট্যাচিউট অফ লিমিটেশনসের’ কারণে বার্লুসকোনিকে কোনো দণ্ড ভোগ করতে হবে না।

এই বিষয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, পুরনো এই মামলাটি আগামী ৬ নভেম্বরের পর তামাদি হয়ে যাবে। তখন আর বিচারের কার্যকরিতা থাকবে না। আর তার মধ্যে যেহেতু দণ্ডিতের আপিলের মীমাংসা সম্ভবপর নয়, সেহেতু দণ্ড ভোগ করতে হচ্ছে না বার্লুসকোনিকে।

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হেনরি জন উডকক বলেন, “ভালো একটি বিচার হয়েছে। কিন্তু কারাদণ্ডের রায়টি কার্যকর হবে না, এটাই দুঃখজনক।”

বার্লুসকোনির বিরুদ্ধে আরও মামলা রয়েছে। কর ফাঁকির মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, ইতালিতে ৭৫ বছরের বেশি বয়সীদের কারাদণ্ড দেওয়া হয় না বলে তাকে বাধ্যতামূলক সমাজসেবায় শ্রম দিতে হচ্ছে।

তবে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের মামলায় খালাস পেয়েছেন ইতালির মিডিয়া মুঘল নামে পরিচিত বার্লুসকোনি, যিনি ফুটবল ক্লাব এসি মিলানেরও মালিক।