২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নারীকে ‘পুড়িয়ে মেরেছে’ পুলিশ

ঘুষ দিতে অস্বীকার করায় পুলিশের বিরুদ্ধে থানার ভিতরে এক নারীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ভারতের উত্তর প্রদেশে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 01:23 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

সোমবার রাজ্যের বরাবানকি টাউনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ।  

অগ্নিদগ্ধ নীতু দ্বিবেদি মারা যাওয়ার আগে স্বয়ং একজন হাকীমের কাছে এ অভিযোগ জানিয়েছে গেছেন বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি। 

অভিযোগে নীতু বলেছেন, এক লাখ রুপি ঘুষ না দেয়ার কারণে থানার ভিতরেই দুই পুলিশ তার শরীরে আগুন লাগিয়ে দেয়। নিজের স্বামীকে ছাড়িয়ে আনতে থানায় গিয়েছিলেন তিনি।

একটি অপরাধের ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে নীতুর স্বামীকে ধরে থানায় নিয়েছিল পুলিশ।

শরীরের ৮০ ভাগ পুড়ে যাওয়া নীতুকে রাজ্যের প্রধান শহর লক্ষ্ণৌর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

একজন হাকীম ও সাংবাদিকদের উপস্থিতিতে মৃত্যুপূর্ব ঘোষণায় নীতু বলেছেন, ঘুষ দিতে অস্বীকার করার পর তাকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করে ওই দুই পুলিশ সদস্য।

অভিযোগের মুখে পড়া ওই দুই পুলিশ সদস্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, স্বামীকে না ছাড়ার প্রতিবাদে নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দিয়েছিলেন নীতু।।

ওই দুই পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

একটি হিন্দি সংবাদপত্রের সাংবাদিক নিহত নিতুর ছেলে বলেছেন, “দোষীদের শাস্তি হলেই কেবল আমার মা-র আত্মা শান্তি পাবে। আমি ন্যায় বিচার চাই।”

একই রাজ্যের শাহজাহানপুর জেলা পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাংবাদিক জগেন্দ্র সিংকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। ওই ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যে রাজ্যের আরো দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে পুড়িয়ে মারার আরেকটি অভিযোগ উঠলো।