২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিউনিসিয়ার হোটেলে হামলা চালিয়েছে আইএস’

তিউনিসিয়ার সমুদ্রতীরবর্তী পর্যটকদের হোটেলে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 10:53 AM

Updated : 12 Oct 2022, 03:55 PM

শনিবার ট্যুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে হামলাকারীরে নাম আবু ইয়াহিয়া আল-কাইরাওয়ানি এবং তিনি খেলাফতের একজন সৈনিক বলে দাবি করা হয়েছে।

ওই ট্যুইটারবার্তায় আরো বলা হয়েছে, ইসলামি রাষ্ট্রের (খেলাফত) বিরুদ্ধে লড়াইয়ে ক্রুসেডার রাষ্ট্রগুলোর যে জোট, নিহতরা বেশিরভাগই সেসব রাষ্ট্রের।

দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ শনিবার জানান, নিহতদের বেশিরভাগই যুক্তরাজ্যের নাগরিক। ইতোপূর্বে ঘোষিত নিহতের সংখ্যাও খানিকটা সংশোধন করে ৩৮ জন বলে নিশ্চিত করা হয়।

এরআগে নিহত বন্দুকধারীসহ নিহতের সংখ্যা ৩৯ বলে উল্লেখ করা হয়েছিল।  

শুক্রবার তিউনিসিয়ার জনপ্রিয় একটি সমুদ্রতীরবর্তী হোটেলেবন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জননিহত হন।

Image
তিউনিসিয়ায় সৈকতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স

তিউনিসিয়ায় সৈকতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স

রাজধানী তিউনিস থেকে প্রায় দেড়শ কিলোমিটার দক্ষিণে সুস শহরের ইম্পেরিয়াল মারহাবা হোটেলে এই হামলায় আরও ৩৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতদের বেশির ভাগই বিদেশি পর্যটক, যাদের মধ্যে যুক্তরাজ্য, জার্মানি ও বেলজিয়ামের নাগরিক রয়েছে। তবে নিহতদের মধ্যে যুক্তরাজ্যের নাগরিকেই সবচে বেশি।

ওই হামলার প্রত্যক্ষদর্শীদের একজন আয়ারল্যান্ডের এলিজাবেথ ও’ব্রিয়েন। দুই ছেলেকে নিয়ে তিনি পাশের একটি হোটেলে অবস্থান করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “সত্যি বলতে প্রথমে আমি ভেবেছিলাম আতশবাজি ফোটানো হচ্ছে। এরপর যখন আমি দেখলাম লোকজন ছুটোছুটি করছে…বুঝতে পারলাম, হা ঈশ্বর, আসলে গুলি চলছে।

“সৈকতে থাকা হোটেলের কর্মী ও নিরাপত্তারক্ষীরা দৌড়াও দৌড়াও বলে চিৎকার করছিল।”

Image
হামলায় নিহত একজন পর্যটকের দেহ নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ছবি: রয়টার্স

হামলায় নিহত একজন পর্যটকের দেহ নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ছবি: রয়টার্স

উত্তর আফ্রিকার এ দেশটিতে বছরের দ্বিতীয় বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা এটি। মার্চে তিউনিসের একটি জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটক ছিল।

ওই হামলার পর তিউনিসিয়ায় জঙ্গি হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

২০১১ সালে ‘আরব বসন্তের’ পর গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তিউনিসিয়া একটি আদর্শ দেশ হিসেবে উপস্থাপিত হয়েছে। আরববিশ্বে সবচেয়ে ধর্ম নিরপেক্ষ দেশগুলোর একটিতে পরিণত হয়েছে।

দেশটির সমুদ্রতীরবর্তী রিসোর্ট ও নাইট ক্লাবগুলো ইউরোপীয় পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়।