রাশিয়া ‘আগুন নিয়ে খেলছে’ : যুক্তরাষ্ট্র
রাশিয়া অস্ত্র বাড়ানোর মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করার ঘোষণা দিয়ে আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের উপ প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ওয়ার্ক ।
পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের সেনা ও ভারী অস্ত্র মোতায়েনের ঘোষণার জবাবে রাশিয়া তার পরমাণু অস্ত্রভান্ডার সমৃদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে।
ওয়ার্ক বলেন, “যারা মনে করে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেনা ও অস্ত্র মোতায়েন ঠেকাতে পারবে তারা আসলে আগুন নিয়েই খেলছে।”
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো তাদের পারমাণবিক অস্ত্রাগারে আরো ৪০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যোগ করবে যা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম।
মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণাকে রুশ নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আখ্যা দিয়ে বলেন, তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে ভয় সৃষ্টির জন্য এসব কথা বলেন।
রাশিয়ার এসব কৌশল কাজে আসবে না জানিয়ে ওয়ার্ক বলেন, এসব কথায় নেটো কেবল আরো বেশি একজোটই হচ্ছে।
