ফ্রান্সে কারখানায় ‘জঙ্গি’ হামলা, একজনের মুণ্ডু বিচ্ছিন্ন
ফ্রান্সের লিয়ঁ শহরে একটি কারখানায় সন্দেহভাজন জঙ্গি হামলায় একজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহতের দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে। তবে তার শিরশ্চ্ছেদ ঘটানো হয়েছে কি-না সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।
স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে সাঁ কোঁতা ফেলাভিয়ে এলাকায় এয়ার প্রোডাক্টস নামের একটি আমেরিকান কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা গাড়ি নিয়ে কারখানা প্রাঙ্গণে ঢুকে একটি গ্যাস ক্যানিস্তারে বিস্ফোরণ ঘটায় এবং আরবি হরফ লেখা একটি পতাকা পুঁতে রেখে যায়।
ফরাসি পুলিশের বরাত দিয়ে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কাস্টডিতে নেয়া ওই ব্যক্তির কোনো পরিচয়পত্র নেই এবং সে সন্ত্রাস-বিরোধী পুলিশের সঙ্গে কথা বলতেও অস্বীকৃতি জানিয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনা কাজন্যুভ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। লিয়ঁ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বছর ফ্রান্সে বড় ধরনের জঙ্গি হামলার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে জানুয়ারিতে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদু এবং একটি ইহুদি খাবারের দোকানে জঙ্গি হামলায় ১৭ জন নিহত হয়। ওই ঘটনার প্রায় ছয়মাস পর এ হামলা হল।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ব্রাসেলসের ইইউ সম্মেলন শেষ করে বিকালেই ফ্রান্সে ফিরে যাবেন বলে জানিয়েছে বিবিসি।
ফ্রান্স হামলার ঘটনার তদন্ত শুরু করেছে। আটককৃত ব্যক্তির সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট ওঁলাদ বলেছেন, হামলার লক্ষ্য ছিল কারখানাটি উড়িয়ে দেয়া। মাথা ও ধড় বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যক্তি একজন স্থানীয় ব্যবসায়ী বলে জানিয়েছেন কর্মকর্তারা।
