নেপালের পুনর্গঠনে ১০০ কোটি ডলার দেবে ভারত
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের অবকাঠামো ও ঐতিহাসিক স্থাপনাগুলো পুনর্নির্মাণে ১০০ কোটি ডলার ত্রাণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ভারত।
বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে আন্তর্জাতিক দাতাদের এক বৈঠকে ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ ঘোষণা দেন।
নেপালের পুনর্গঠন বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলনে সুষমা বলেন, “নেপাল নিঃসঙ্গ নয়। আপনাদের সঙ্গে একশ পঁচিশ কোটি ভারতবাসী ও ভারত সরকার সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আজ আপনাদের কাছে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি।”
এপ্রিলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে নেপালকে সহায়তা করার জন্য ভারত যে পদক্ষেপ নিয়েছে তার উল্লেখ করে সুষমা বলেন, “প্রায় ৪০০ বিলিয়ন রুপির মৈত্রী অভিযান এ পর্যন্ত বিদেশে চালানো আমাদের বৃহত্তম দুর্যোগ সহায়তা।”
“ধ্বংসযজ্ঞের স্তূপ থেকে শক্তিশালী, একতাবদ্ধ ও আরো আত্মবিশ্বাসী একটি নেপাল ফের জেগে উঠবে,” বলেন তিনি।
জাতির পুনর্গঠনের জন্য নেপালের উদ্যোগের প্রশংসা করে সুষমা বলেন, নেপালের প্রাক্কলিত ছয় দশমিক সাত বিলিয়ন ডলার তোলা একটি চ্যালেঞ্জিং বিষয় হবে।
“সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে নেপালের পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত,” বলেন তিনি।
