সারনায়েভ বললেন ‘দুঃখিত’, রায় মৃত্যুদণ্ড
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে প্রাণঘাতী বোমা হামলার জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত জোখার সারনায়েভ ক্ষমা প্রার্থনা করেছেন।
বুধবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে মৃত্যুদণ্ডের চূড়ান্ত শুনানিকালে নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন জোখার সারনায়েভ।
১৫ এপ্রিল ম্যারাথন দৌড় শেষ হওয়ার সময় দর্শকের ভিড়ের মধ্যে চালানো ওই বোমা হামলায় তিনজন নিহত ও ২৬৪ জন আহত হন।
ঘটনার তিনদিন পর এক পুলিশকে গুলি করে হত্যার পর পুলিশের গুলিতে অপর বোমা হামলাকারী জোখারের বড় ভাই তামারলেন সারনায়েভ নিহত হন। আহত অবস্থায় গ্রেপ্তার হন জোখার সারনায়েভ।
ওই চারজনকে হত্যা ও ২৬৪ জনকে আহত করার দায়ে এপ্রিলে জোখারকে দোষী সাব্যস্ত করেন মার্কিন ফেডারেল জুরিরা। মে মাসে এই জুরিরা বিষাক্ত ইনজেকশন প্রয়োগে জোরাখের মৃত্যুদণ্ড কার্যকর করার পক্ষে ভোট দেন।
এর আগে বিচার চলাকালে আদালতের সামনে আত্মপক্ষ সমর্থন করে কখনো কোনো কথা বলেননি জোখার। তার দোষ স্বীকারের আগে হামলা থেকে বেঁচে যাওয়া আহত দুজন ও এক নিহতের পরিবারের সদস্যরা হামলার কারণে তাদের জীবনে যে দুর্ভোগ নেমে এসেছে তার বর্ণনা দেন। এ সময় নিরবে মাথা নিচু করে বসেছিলেন জোখার।
পরে দোষ স্বীকার করে বলেন, “যে জীবনগুলো আমি নিয়েছি তার জন্য আমি দুঃখিত, যে দুর্ভোগে আমি আপনাদের ফেলেছি তার জন্য দুঃখিত, যে ক্ষতি আমি করেছি, যে অপূরণীয় ক্ষতি তার জন্য দুঃখিত।”
“এরপরও যদি কোনো সন্দেহ থাকে, তাহলে বলছি, এই হামলার জন্য আমি দোষী, আমার ভাইও দোষী,” আদালতে আত্মপক্ষ সমর্থন করার টেবিলের পাশে দাঁড়িয়ে বলেন তিনি।
সরকারপক্ষের প্রধান আইনজীবী জোখারের ক্ষমা প্রার্থনা অগ্রাহ্য করলে বিচারক তার আনুষ্ঠানিক মৃত্যুদণ্ড ঘোষণা করেন।
এ ঘোষণার সময়, যুক্তরাষ্ট্রের জেলা জজ জর্জ ও’টুল ইসলামি জঙ্গিদের খপ্পরে পড়ার জন্য জোখারের নিন্দা জানান, পাশাপাশি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী অপর জঙ্গি নিহত আল কায়েদা নেতা আনওয়ার আল আওলাকিরও নিন্দা জানান।
