‘ফ্রান্সের ওপর আর নজরদারি করছে না যুক্তরাষ্ট্র’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওঁলাদকে আশ্বাস দিয়ে বলেছেন, দেশটির ওপর আর নজরদারি করছে না যুক্তরাষ্ট্র।
বিবিসি জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টদের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির নতুন উইকিলিকস নথি ফাঁসের খবরের পরিপ্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁদের সঙ্গে ফোনালাপে এ আশ্বাস দিয়েছেন ওবামা।
তিনি বলেন, “ওঁলাদকে আমরা টার্গেট করছি না এবং করবোও না।” দুই নেতার ফোনালাপের পর একথা জানায় হোয়াইট হাউস।
গুপ্তচরবৃত্তির বিষয়টি নিয়ে আরো আলোচনার জন্য ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তাদের ওয়াশিংটনে যাওয়ার কথা রয়েছে।
উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, পূর্বসুরি নিকোলা সারকোজি এবং জ্যাক শিরাকের ওপর গোপনে নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা(এনএসএ)।
এর প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফরাসি নেতাদের ওপর কোনো গুপ্তচরবৃত্তি চালানো হবে না এ প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিত।
ফ্রাঁসোয়া ওঁলাদ একটি জরুরি বৈঠক ডেকে বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো তৎপরতা ফ্রান্স সহ্য করবে না। ফ্রান্স বিষয়টির ব্যাখ্যা দাবি করে প্যারিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও তলব করে।
যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন রাজনীতিবিদ ও নেতৃস্থানীয়রাও। এ পরিস্থিতিতে ওবামাকে ফোন করেন ওঁলাদ। একজন গোয়েন্দা প্রধানকেও ওয়াশিংটনে পাঠাচ্ছে ফ্রান্স।
