পাকিস্তানের এমকিউএম’কে অর্থ ও প্রশিক্ষণ দিচ্ছে ভারত!
পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টকে (এমকিউএম)ভারত তহবিল সরবরাহ করছে এবং এর কর্মীদেরকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি উঠেছে।
এমকিউএম এর কর্মকর্তারা ভারত সরকারের কাছ থেকে তহবিল পাওয়ার কথা যুক্তরাজ্য কর্তৃপক্ষকে জানিয়েছেন, বলছে বিবিসি। পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি একথা জানায়।
তবে ভারত কর্তৃপক্ষ এ দাবি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। এমকিউএম’ও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
এমকিউএম এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তকারী ব্রিটিশ গোয়েন্দা সংস্থা দলটির সম্পদের মধ্যে অস্ত্রের তালিকাও পেয়েছে। এর মধ্যে রয়েছে মর্টার, গ্রেনেড ও বোমা-বানানোর সরঞ্জামসহ আরো অনেক অস্ত্র।
পাকিস্তানের এক কর্মকর্তা বিবিসি’কে বলেছেন, ভারত ১০ বছরের বেশি সময় ধরে এমকিউএম এর শত শত জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছে।
পাকিস্তানের পার্লামেন্টে এমকিউএম এর ২৪ জন সদস্য আছে। পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে দলটি যথেষ্ট প্রভাবশালীও।
ব্রিটিশ কর্তৃপক্ষ এমকিউএম’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়ে ভারত থেকে তাদের তহবিল পাওয়ার কথা জেনেছে বলে জানানো হয়েছে বিবিসিকে।
এরই মধ্যে পাকিস্তানের এক কর্মকর্তা বিবিসি’কে জানান, ভারত এমকিউএম এর জঙ্গিদের বিস্ফোরক এবং অস্ত্র প্রশিক্ষণ দিয়ে উত্তর ও উত্তর-পূর্ব ভারতের শিবিরগুলোতে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, ২০০৫-২০০৬ সালের আগে এমকিউএম এর মধ্যম সারির কিছু সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু সম্প্রতি দলটির আরো বেশি সংখ্যক সদস্য বিশেষ করে তরুণ সদস্যদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সম্প্রতি ধরা পড়া এমকিউএম এর দুই জঙ্গি ভারতে প্রশিক্ষণ পাওয়ার কথা জানায় বলে করাচির ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বিবৃতি দেয়ার পর পাকিস্তানের এ দলটির ভারতীয় সহায়তা পাওয়ার দাবি উঠল।
