২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তি: মার্কিন দূতকে তলব করেছে ফ্রান্স

ফরাসি প্রেসিডেন্টদের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির নতুন উইকিলিকস নথি ফাঁসের পর প্যারিসের মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 05:14 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

কর্মকর্তারা জানিয়েছেন, গুপ্তচরবৃত্তির বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার মার্কিন রাষ্ট্রদূত জেন হার্টলে কে ডেকে পাঠান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যেহ ফ্যাবিউস।

ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হযয়েছে, ফরাসি নেতাদের ওপর কোনো গুপ্তচরবৃত্তি চালানো হবে না এ প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিত।

প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ  একটি জরুরি বৈঠক ডেকে বলেছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো তৎপরতা ফ্রান্স সহ্য করবে না।

ফ্রান্সের ওপর ‍যুক্তরাষ্ট্রের নজরদারি কোনভাবেই মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেন ওঁলাদ।

উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে দেখা গেছে, ২০০৬ সাল থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, পূর্বসুরি নিকোলা সারকোজি এবং জ্যাক শিরাকের ওপর গোপনে নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।

এনএসএ অবশ্য এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের দূতাবাসও।

এনএসএ’র মুখপাত্র এক বিবৃতিতে গুপ্তচরবৃত্তির বিষয়টি নাকচ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ওঁলাদকে টার্গেট করছে না এবং তার ওপর নজরদারিও করছে না। তবে অতীতে কোনো নজরদারি চালানো হয়েছিল কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।