টয়োটার সদরদপ্তরে পুলিশের অভিযান
জাপানের টয়োটা সিটিতে অবস্থিত টয়োটা মোটর কর্পোরেশনের সদরদপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ, পাশাপাশি রাজধানী টোকিওর টয়োটা দপ্তরেও অভিযান চালানো হয়।
জাপানে নিষিদ্ধ একটি দ্রব্য আমদানি করেছেন এমন সন্দেহে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মার্কিন নাগরিক জুলি হ্যাম্পকে গ্রেপ্তারের পর কোম্পানিটির এই দুটি দপ্তরে অভিযান চালানো হয় বলে বুধবার জানিয়েছে বিবিসি।
হ্যাম্পকে সম্প্রতি টয়োটার জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কোম্পানিটির ইতিহাসে শীর্ষ পদে নিয়োগ পাওয়া প্রথম নারী তিনি।
১৮ জুন তাকে গ্রেপ্তার করা হয়। সন্দেহ করা হয়, তিনি জাপানে মাদক জাতীয় পেইন কিলার অক্সিকোডন আমদানি করেছেন। জাপানে নিষিদ্ধ পণ্যদ্রব্যগুলোর মধ্যে অক্সিকোডন অন্যতম।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের নামে ব্যথানাশক ৫৭টি অক্সিকোডন ট্যাবলেট একটি প্যাকেটে করে পাঠিয়ে ছিলেন। প্যাকেটের গায়ে লেখা ছিল ‘নেকলেস’।
গেল সপ্তাহে টয়োটার প্রেসিডেন্ট আকিও টয়োডা বলেছিলেন, তিনি বিশ্বাস করেন হ্যাম্প আইন ভঙ্গ করার মতো কিছু করেননি।
টয়োটার দপ্তরে অভিযান চালিয়ে কর্তৃপক্ষ কী খোঁজ করছে তা পরিষ্কার নয়, তবে কোনো প্রতিষ্ঠানের শীর্ষ একজন কর্মকর্তাকে গ্রেপ্তারের পর সেখানে অভিযান চালানো একটি নিয়মিত বিষয়।
বার্তা সংস্থা রয়টার্সকে টয়োটার মুখপাত্র রিয়ো সাকাই জানিয়েছেন, তদন্ত চলমান থাকায় বিষয়টি নিয়ে কোম্পানি কোনো মন্তব্য করবে না।
পুলিশ জানিয়েছে, ডাকে হ্যাম্পের পাঠানো একটি পার্সেলের ভিতর মাদকগুলো ছিল।
এক প্রতিবেদনে কিয়োডো নিউজ জানিয়েছে, হাঁটুর ব্যথার ওষুধ হিসেবে অক্সিকোডনগুলো জাপানে নিয়ে এসেছেন তিনি।
