পূর্ব ইউরোপে ভারী অস্ত্র মজুদের ঘোষণা যুক্তরাষ্ট্রের
পূর্ব ও মধ্য ইউরোপে আগে থেকেই ট্যাংক, গোলাবারুদ ও অন্যান্য হাতিয়ার মোতায়েন রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন ঠেকানো ও এ অঞ্চলের মিত্র দেশগুলোর নিরাপত্তানিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিচ্ছে।
টালিনে এক সফরকালে কার্টার বলেন, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়ার পাশাপাশি বুলগেরিয়া, রুমানিয়া এবং পোল্যান্ডও ভারি অস্ত্র মজুদ রাখতে রাজি হয়েছে। কিছু অস্ত্র জার্মানিতেও রাখা হবে।
গত বছর পূর্ব ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপের স্বাধীনতা ঘোষণা, রাশিয়ান ফেডারেশনভুক্ত হওয়া এবং পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ উদ্বিগ্ন হয়ে ওঠে। ইউরোপে সামরিক মহড়া জোরদার করে নেটো।
এ পরিস্থিতিতে যে কোনো সময় প্রতিবেশী দেশগুলোতে রাশিয়ার হামলার আশঙ্কা থেকে তা ঠেকানোর লক্ষ্য নিয়েই রাশিয়ার সীমান্তের কাছে ভারি অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেশী নে্টো দেশগুলো বিশেষ করে সাবেক সোভিয়েত বাল্টিক রাষ্ট্রগুলোর আশঙ্কা, রাশিয়া এ অঞ্চলে বিপত্তি ঘটাতে পারে। যদিও মস্কো এ আশঙ্কা নাকচ করে আসছে।
এস্তোনিয়া সফরকালে কার্টার ওবামার উদ্ধৃতি দিয়ে বলেছেন, “আপনারা আগে একবার স্বাধীনতা হারিয়েছেন। নেটো পাশে থাকলে আবারো তা হারাবে না। কারণ, যুক্তরাষ্ট্র এবং নেটোর অন্যান্য দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়ার আঞ্চলিক অখন্ডতা রক্ষার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”
এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীসহ লাটভিয়া এবং লিথুনিয়ার প্রতিরক্ষামন্ত্রীরাও পূর্ব ইউরোপ এবং বাল্টিক অঞ্চলে আগে থেকেই ভারী অস্ত্র মোতায়েনের মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এস্তোনিয়া ভারি অস্ত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনও মানতে প্রস্তুত বলে জানিয়েছে।
তবে ইউরোপের ঠিক কোথায় অস্ত্র মজুদ করা হবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তা জানায়নি। তবে অস্ত্র মজুদের পরিকল্পনার খবরে মস্কো এ সপ্তাহে ইউরোপে কার্টারের সফরের আগেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
পেন্টাগন অস্ত্র মজুদ করলে স্নায়ুযুদ্ধ অবসানের পর এটিই হবে প্রথমবারের মতো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সেনা মোতায়েন।
