২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বিদ্রোহীদের প্রতি মাসে ‘বেতন’ দেয় যুক্তরাষ্ট্র

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ গ্রহণকারী সিরীয় বিদ্রোহীদের প্রতিমাসে ২৫০ ডলার থেকে ৪০০ ডলার পর্যন্ত করে দেয় যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jun 2015, 11:30 AM

Updated : 25 Apr 2022, 01:31 PM

এই অর্থের পরিমাণ বিদ্রোহীদের ব্যক্তিগত দক্ষতা, সক্ষমতা ও নেতৃত্বের অবস্থানের উপর নির্ভর করে বলে সোমবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রণালয় পেন্টাগন।

তবে বর্তমানে ঠিক কতোজন সিরীয় বিদ্রোহীকে এ অর্থ দেয়া হচ্ছে তা স্পষ্ট নয়।

গত সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছিলেন, ২০০ সিরীয় যোদ্ধা প্রশিক্ষণে আছে, আরো দেড় হাজারের প্রয়োজনীয় পরীক্ষা শেষ হয়েছে। 

মে মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিশনে অংশ নেওয়া সিরীয় সেনাদের ‘কিছু ক্ষতিপূরণ’ দেয়া হবে, কিন্তু তিনি কোনো পরিমাণ উল্লেখ করেননি। 

পেন্টাগনের আরেক মুখপাত্র যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কমান্ডার এলিসা স্মিথ বলেছেন, প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে ভাতা দেয়া হচ্ছে।

রাজনৈতিকভাবে মধ্যপন্থী একটি সিরীয় সামরিক বাহিনী গঠনের জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রশিক্ষণ ও সামরিক রসদ দেয়া হচ্ছে, এতে প্রায় ছয় হাজার সিরীয় স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছে।

ওয়ারেন গত সপ্তাহে জানিয়েছিলেন, উদ্যোগটি প্রত্যাশার চেয়েও কম গতিতে সম্প্রসারিত হচ্ছে। এর কারণ হিসেবে তিনি স্বেচ্ছাসেবকদের বাছাই করার জটিলতা ও প্রশিক্ষণের জন্য তাদের সিরিয়ার বাইরে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন।

‘কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স-সিরিয়া’-র মুখপাত্র যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ক্যাপ্টেন স্কট রে বলেছেন, একটি অংশ প্রশিক্ষণ ছেড়ে গেছে এবং অপর একটি অংশকে বাদ দেয়া হয়েছে, এদের মধ্যে ১০ দিন আগে চলে যাওয়া একটি দলও রয়েছে।

চলে যাওয়ার কারণ হিসেবে রে বলেছেন, “অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অনেকেরই পরিচয়পত্র ছিল না, এছাড়া প্রশিক্ষণের জন্য অনুপযুক্তরাও আছেন।”

কতোজন যোদ্ধা প্রশিক্ষণ ছেড়ে চলে গেছেন তাদের মোট সংখ্যা জানাতে রাজি হননি রে, তবে বলেছেন, “যে দলটি চলে গেছে, কয়েক সপ্তাহের প্রশিক্ষণের পর তারা সবাই একসঙ্গে চলে গেছে। এটা অস্বাভাবিক, তবে এটিকে একবারের ঘটনা বলেই মনে করছি।”

পুরো কর্মসূচী বিবেচনায় এই প্রবণতাকে একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে রে জানান, ওই দলটি চলে যাওয়ার পর এক হাজারেরও বেশি নতুন স্বেচ্ছাসেবক কর্মসূচীতে নাম লিখিয়েছে।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর সঙ্গে লড়াইয়ে যাবে না, এ রকম একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে না চাওয়া থেকেই ওই দলটি চলে গেছে বলে খবর হয়েছে, কিন্তু রে তা অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, এই কর্মসূচীর উদ্দেশ্য আইএসের সঙ্গে লড়াইয়ের জন্য যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এটি পরিষ্কারভাবে জানিয়েছেন। তাই যুক্তরাষ্ট্র কংগ্রেসের ম্যান্ডেট অনুযায়ী একমাত্র যে ছাড়পত্রে স্বাক্ষর করতে হয়, তাতে যোদ্ধাদের মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার কথা বলা হয়েছে।