২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থীদের সঙ্গে নির্দয় আচরণ ‘অশ্রু ঝরায়’: পোপ

যুদ্ধ এবং নিপীড়নের কারণে নিজ দেশ ছাড়তে বাধ্য হওয়া শরণার্থীদের সঙ্গে নির্দয় আচরণ ‘চোখে অশ্রু ঝরায়’।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Jun 2015, 09:52 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

রোববার ইতালির তুরিনে ‘শ্রাউড অফ তুরিন’র সামনে প্রার্থনা করার সময় একথা বলেন পোপ ফ্রান্সিস।

খ্রিস্টান ধর্মানুসারীদের কাছে শ্রাউড অফ তুরিন অত্যন্ত পবিত্র বস্তু। তাদের বিশ্বাস এটা যিশু খ্রিস্টের কাফনের কাপড়।

বেশির ভাগ সময় শ্রাউড অফ তুরিন লোকচক্ষুর আড়ালেই রাখা হয়। ১৭ বছরের মধ্যে এই নিয়ে মাত্র তিন বার এটা জনসম্মুখে প্রদর্শন করা হলো। এপ্রিল থেকে এবারের প্রদর্শন শুরু হয়েছে।

তুরিনে রোববারের প্রার্থনাসভায় প্রায় ৬০ হাজার মানুষ অংশ নেয়।

সেখানে পোপ বলেন, শ্রাউড মানুষকে প্রেরণা দেয়। এখানে শুধু যিশুখ্রিস্টের মুখমণ্ডলের প্রতিচ্ছবিই নয় বরং এখানে দুর্দশাগ্রস্ত ও নির্যাতিত সব মানুষের মুখমণ্ডলের প্রতিচ্ছবি ভেসে উঠেছে।”  

পোপ ফ্রান্সিসের পরিবারও একসময় ইতালি ছেড়ে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছিলেন। তুরিনের আশেপাশের এলাকাতেই তার পিতামহ ও পিতা বাস করতেন।

রোববার নিজেকে ‘ইতালির নাতি’ বলে বর্ণনা করেন পোপ ফ্রান্সিস।

শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, “অভিবাসীরা প্রতিযোগিতা কঠিন করে তুলছে, কিন্তু এ জন্য শরণার্থীদের দায়ী করা উচিৎ নয়। কারণ তারা অবিচারের শিকার। ভঙ্গুর অর্থনীতি ও যুদ্ধের কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়।”

“আজকাল মানুষের সঙ্গে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে, যা যে কাউকেই কাঁদায়।”

পোপ হওয়ার পর শরণার্থী সঙ্কট নিয়ে আগ্রাধিকার ভিত্তিতে কাজ করা শুরু করেন ফ্রান্সিস।

২০১৩ সালের মার্চে নির্বাচিত হওয়ার পর পোপ ফ্রান্সিস প্রথম ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা সফর করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারানো হাজারো শরণার্থীর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।