যুক্তরাষ্ট্রের কাছে ‘বাবার মৃত্যু সনদ চেয়েছিল’ লাদেন পুত্র
ওসামা বিন লাদেনের ছেলে আব্দুল্লাহ বিন লাদেন যুক্তরাষ্ট্রের কাছে তার বাবার মৃত্যু সনদ চেয়েছিল। এমনটা দাবি উইকিলিকসের।
শুক্রবার উইকিলিকস সৌদি সরকারের প্রায় ৬০ হাজার গোপন নথি প্রকাশ করে। সেখানেই সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে আসা একটি চিঠির কথা উল্লেখ করা হয়।
২০১১ সালের ৯ সেপ্টেম্বর আব্দুল্লাহ বিন লাদেনকে লেখা ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গ্লেন কাইজার বলেন, তিনি কোন মৃত্যু সনদ দিতে পারবেন না।
এর চার মাস আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিযানে জঙ্গি সংগঠন আল-কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন।
উইকিলিকসের দাবি তারা সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ৫০ হাজার নথি প্রকাশ করেছে।
চিঠিতে কাইজার কোন মৃত্যু সনদ প্রদাণ না করার কারণ ব্যাখ্যা করেন।
“সামরিক অভিযানে কোন ব্যক্তি নিহত হলে আমরা কোন মৃত্যু সনদ দেই না। এ কারণে ওসামা বিন লাদেনের মৃত্যু সনদ দেয়া সম্ভব হবে না।”
তবে মৃত্যু সনদের পরিবর্তে তিনি লাদেনের মৃত্যুর প্রমাণপত্র হিসেবে যুক্তরাষ্ট্রের আদালতের রেকর্ড লাদেনের ছেলের কাছে পাঠান।
‘সৌজন্য’ হিসেবে আদালতের রেকর্ডের আরবিতে অনুবাদ করা প্রতিলিপিও পাঠানো হয়।
“আশা করি যুক্তরাষ্ট্র সরকারের এই নথি আপনার ও আপনার পরিবারের কাজে লাগবে।”
তবে আব্দুল্লাহ বিন লাদেন কেন তার পিতার মৃত্যু সনদ চেয়েছিলেন সে ব্যাপারে চিঠিতে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
এদিকে সৌদি সরকার দেশটির নাগরিকদের উইকিলিকসে প্রকাশিত নথি বিতরণ না করার আহ্বান জানিয়েছে। সরকারের দাবি ‘ওই নথি মিথ্যা হতে পারে’।
