২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আল শাবাবের হামলায় ৮ পুলিশ নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কাছে এক থানায় হামলা চালিয়ে অন্ততপক্ষে আট পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jun 2015, 04:02 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

পুলিশ ও জঙ্গিগোষ্ঠী উভয়পক্ষই শনিবার এ খবর জানিয়েছে। 

শনিবার রাত ১টায় আল শাবাব যোদ্ধারা মোগাদিশুর ৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের আফগোই শহরের প্রান্তে অবস্থিত থানাটিতে হানা দেয়। 

থানার আট কর্মকর্তাকে হত্যার পর জঙ্গিরা থানা থেকে তিনটি পিক আপ ট্রাক নিয়ে পালিয়ে যায়।  পিক আপ গুলোর একটির ওপর মেশিনগান
বসানো আছে। 

আফগোই থেকে বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ কর্মকর্তা মেজর আব্দিকাদির হুসেইন বলেছেন, “গেল রাতে আল শাবাব আমার তিন সহকর্মীকে হত্যা করে আমাদের তিনটি গাড়ি নিয়ে গেছে।”

“আজ সকালে আমরা তাদের খুঁজে বের করে ১০ জনকে হত্যা করেছি আর মেশিনগান বসানো আমাদের একটি পিক আপ গাড়ি উদ্ধার করেছি,” বলেছেন তিনি।

 অন্য দুটি পিক আপ নিয়ে বাকি জঙ্গিরা পালিয়ে গেছে বলে দাবি করেছেন তিনি। 

আল শাবাব গোষ্ঠীর সামরিক অভিযান বিভাগের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, আফগোইয়ের থানায় হামলা চালিয়ে তার যোদ্ধারা ১২ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। পরে পুলিশের সঙ্গে অপর লড়াইয়ে তাদের পক্ষের এক যোদ্ধা নিহত হয়েছেন। 

তিনি বলেন, “আজ সকালে পুলিশ আমাদের ওপর আক্রমণ করলে লড়াই বেঁধে যায়। এক পর্যায়ে আমরা পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছি। যে পিক আপটা গাড়িটা আমরা নিয়ে এসেছিলাম তা ফেলে আসি। আমাদের পক্ষের একজন শহীদ হয়েছেন।”

পশ্চিমাসমর্থিত মোগাদিশুর সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চায় আল শাবাব।

এর আগে রমজান শুরু হলেই হামলা বাড়াতো গোষ্ঠীটি। এবার বুধবার থেকে রমজান শুরু হওয়ার পর থেকে এটিই গোষ্ঠীটির প্রথম হামলা।