মালালাকে নিয়ে তথ্যচিত্র, প্রকাশ পাবে ১৭১ দেশে
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র ১৭১টি দেশে ৪৫টি ভাষায় প্রকাশের পরিকল্পনা করেছে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল।
অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী পরিচালক ডেভিস গুগেনহেইম প্রামান্যচিত্রটি নির্মাণ করছেন, নাম ‘হি নেমড মি মালালা’।
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল ও ফক্স সার্চলাইট পিকচার্স যৌথভাবে মালালাকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটি প্রকাশ করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফক্স সার্চলাইট পিকচার্সের পক্ষ থেকে বলা হয়, অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশের থিয়েটারে তথ্যচিত্রটি প্রকাশ করা হবে।
এছাড়া, ২০১৬ সালে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে তথ্যচিত্রটি মুক্তি পাবে। ১৭১ টি দেশ থেকে ৪৫টি ভাষায় যা দেখা যাবে।
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের প্রধান নির্বাহী কোর্টেনি মনরো বলেন, “শুধু দারুণভাবে অনুপ্রাণিত করার জন্যই আমরা এই ছবি মুক্তি দিচ্ছি না বরং আমরা সত্যি সত্যিই একটি পার্থক্য তৈরি করতে চাইছি।”
তথ্যচিত্রটিতে হামলার শিকার হওয়ার আগে মালালার জীবন কেমন ছিল এবং হামলার পর কেমন হয়েছে দুইই দেখানো হবে।
তালেবান অধ্যুষিত পাকিস্তানের সোয়াত উপত্যকায় বসবাসকারী মালালা মেয়ে শিশুদের শিক্ষার অধিকারের পক্ষে লড়াই শুরু করে। ওই সময় শুধুমাত্র তার বাবা তার পাশে ছিলেন।
এ কাজের জন্য ২০১২ সালের অক্টোবরে তালেবান জঙ্গিরা স্কুল বাসে উঠে মালালাকে গুলি করে। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫।
জঙ্গিদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান মালালা। এ ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। সৌভাগ্যক্রমে বেঁচে ওঠে এ কিশোরী।
বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করা মালালা মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন।
