২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে বাস্তচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড পর্যায়ে: জাতিসংঘ

যুদ্ধ, সংঘাত এবং নিপীড়নের কারণে বিশ্বজুড়ে বাস্তচ্যুত মানুষের সংখ্যা২০১৪ সাল নাগাদ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এ সংখ্যা প্রায় ৬ কোটি বলে জানানো হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 01:57 AM

Updated : 25 Apr 2022, 01:30 PM

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তৈরি এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে বাস্তচ্যুত মানুষের সংখ্যা ছিল ৮৩ লাখ বেশি।

এত বিপুল সংখ্যক মানুষ উদ্বাস্তু হওয়ার পেছনে সিরিয়ায় চলমান সংঘর্ষকেই প্রধান কারণ হিসেবে দেখা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান এন্টনিও গুটারেস বিবিসি’কে বলেছেন  “পৃথিবী এখন বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। মানবতাবাদীরা এ বিশৃঙ্খলা দূর করবে, মানুষ এমনটি মনে করে থাকলে, সেটি এখন আর সম্ভব না। আমাদের আর এ পরিস্থিতি সামাল দেয়ার সক্ষমতা নই।”

তিনি বলেন, “দিন দিন আরো বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।আর তাদের অনেকের জন্যই সহায়তার হাত বাড়ানোর সুযোগ নেই। এটাও দুঃখজনক।”

২০১৪ সালে প্রতিদিন ৪২ হাজার ৫শ’ মানুষ উদ্বাস্তু হয়েছে বলে জানান গুটারেস। এর আগের বছর আগে যে সংখ্যা ছিল ৩২ হাজার।

গত পাঁচ বছরে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে অন্তত ১৫টি যুদ্ধ বা সংঘাত তৈরি হয়েছে। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে করে ২০১৪ সালের শেষ নাগাদ উদ্বাস্তু হয়েছে ৫ কোটি ৫৯ লাখ মানুষ। এর মধ্যে সংঘর্ষের কারণে নিজ নিজ দেশে উদ্বাস্তু হয়েছে ৩ কোটি ৮২ লাখ মানুষ।

ইউক্রেইন, নাইজেরিয়া এবং দক্ষিণ সুদানে যুদ্ধের কারণে এ সংখ্যা আরো বেড়েছে।আর উদ্বাস্তু হওয়া মোট মানুষের  ৫০ শতাংশই শিশু বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭৬ লাখ মানুষ আর বিদেশে উদ্বাস্তু হয়েছে আরো ৪০ লাখ মানুষ।

সিরিয়ার পর জাতিসংঘ এবং সোমালিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে।

যুদ্ধ, সংঘাতের কারণে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীর সংখ্যাও বেড়ে গেছে। বিশেষ করে ইউরোপে। জার্মানি, সুইডেন, হাঙ্গেরি, ইটালি , ফ্রান্স , অষ্ট্রিয়া ও যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছে লাখ লাখ মানুষ।