২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলাকারী তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় কৃষ্ণাঙ্গদের একটি গির্জায় ঢুকে ৯ জনকে গুলি করে হত্যার পর শ্বেতাঙ্গ ওই বন্দুকধারীকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 12:51 AM

Updated : 12 Oct 2022, 03:53 PM

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রে গির্জায় ঢুকে গুলি, নিহত ৯

পুলিশ বলেছে, সাউথ ক্যারোলাইনার লেক্সিনটোনের ২১ বছর বয়সী বন্দুকধারী ডিলান রুফকে নর্থ ক্যারোলাইনার শেলবিতে একটি ট্রাফিক স্টপেজ থেকে আটক করা হয়েছে।

বুধবার রাতের এ ঘটনাকে ‘বর্ণবাদী ঘৃণাজনিত অপরাধ’ বলে বর্ণনা করেছেন চার্লসটনের  পুলিশ প্রধান গ্রেগরি মুলেন।

শহরের একটি ঐতিহাসিক গীর্জায় প্রার্থনার সময় ঐ হামলায় নিহতদের মধ্যে ছয় নারী ও তিন পুরুষসহ  গীর্জার যাজক রেভারেন্ড ক্লিমেন্তা পিঙ্কনেও রয়েছেন।

পিঙ্কনে সাউথ ক্যারোলাইনার ডেমোক্র্যাটিক সিনেটরও। সম্প্রতি সেখানে পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর পুলিশের সংস্কারের দাবিতে আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি।

মার্কিন এটর্নি জেনারেল লোরেত্তা লিঞ্চ বলেছেন, রুফের বিরুদ্ধে বর্ণবাদী অপরাধের অভিযোগ আনা যায় কিনা তা খতিয়ে দেখছে তার কার্যালয়।

চার্লসটনের আফ্রিকান-অ্যামেরিকান গির্জায় হামলার সময় সেখানে প্রার্থনা সভায় জড়ো হয়েছিলেন বেশ কিছু মানুষ। গুলিবর্ষণের ঘটনার পরপরই পুলিশ ডাকা হয়।

গির্জার ভেতরে ঢুকে পুলিশ দেখতে পায়, ভেতরে আটজনের মৃতদেহ পড়ে আছে। আহত আরেকজন পরে হাসপাতালে মারা যায়।

এ ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসের কালো অধ্যায় নিয়ে প্রশ্নে উস্কে দিয়েছে বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

চার্লসটনের মেয়র জো রাইলি চার্চের ভেতর এই হামলা অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন।তিনি  একে অবর্ণনীয় এবং হৃদয়বিদারক ঘটনা আখ্যা দেন।।

১৮৯১ সালে নির্মিত ইমানুয়েল গির্জাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণের সবচেয়ে পুরনো গির্জাগুলোর একটি। ফলে এরকম একটি ঐতিহাসিক গির্জায় এ ধরনের হামলা সবাইকে অবাক করেছে।