২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ-ইউরো থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকিতে গ্রিস

গ্রিস শেষ পর্যন্ত ঋণ পরিশোধে ব্যর্থতার বেদনাদায়ক পরিস্থিতিতে পড়তে পারে এবং এর ফলে ইউরোজোন এমনকি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকেও বেরিয়ে যেতে পারে বলে প্রথমবারের মত সতর্ক করেছে দেশটির সেন্ট্রাল ব্যাংক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 11:46 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

ঋণচুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সংস্কার প্রস্তাবে একমত হতে ব্যর্থতার জন্য গ্রিক সরকার ও তাদের আন্তর্জাতিক ঋণদাতাদের পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে গ্রিসের সেন্ট্রাল ব্যাংক এ হুঁশিয়ারি দিল।

বিক্রয় করের হার বাড়ানো এবং পেনশন কাটছাঁটের মতো বেশ কিছু শর্ত দিয়ে গত সপ্তাহে একটি অর্থনৈতিক সংস্কার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।

এ প্রস্তাব নিয়ে বনিবনা না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ঋণদাতাদের ৭২০ কোটি ইউরোর জরুরি সহায়তা হাতে  পাবে না গ্রিস। যে অর্থের জন্য গ্রিস অপেক্ষায় আছে।

গত অক্টোবর থেকে এপ্রিলের মাঝে গ্রিক ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ব্যাংক। তাছাড়া, চুক্তি না হলে দেশের অর্থনৈতি আরো নিম্নগামী হতে শুরু করবে বলেও সতর্ক করেছে ব্যাংকটি।

একটি প্রতিবেদনে ব্যাংক অব গ্রিস বলেছে, “চুক্তি না হলে গ্রিস প্রাথমিকভাবে ঋণ পরিশোধে ব্যর্থতার পথে এগুবে এবং শেষ পর্যন্ত দেশটি ইউরোজোন থেকে বেরিয়ে যাবে। আর ইইউ থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার ঝুঁকি আরো বেশি।”

আগামী কয়েক মাসের মধ্যে চরম ঋণগ্রস্ত গ্রিসকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বিপুল পরিমাণ ঋণ শোধ করতে হবে। তার আগে চুক্তিতে পৌঁছার জন্য গ্রিসের হাতে সময় আছে জুনের শেষ পর্যন্ত।

গ্রিসের অর্থনৈতিক সংস্কার প্রস্তাব নিয়ে এ সপ্তাহে বৃহস্পতিবারই ইউরোপীয় অর্থমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু  তার আগের আলোচনায় এ পর্যন্ত অচলাবস্থার অবসান হয়নি।

গ্রিসের একজন শীর্ষ আলোচক রয়টার্সকে জানিয়েছেন, এথেন্স অনেক ছাড় দিতে প্রস্তুত। কিন্তু তারা পেনশন কাটছাঁট করার প্রস্তাবে কোনোভাবেই রাজি না।

গ্রিসের এক আলোচক জানিয়েছেন, আইএমএফ এর ঋণ পরিশোধের অর্থ গ্রিসের নেই। তাছাড়া, গ্রিস অর্থনৈতিক সংস্কার, ঋণ পুনর্গঠন এবং বিনিয়োগ- এ  তিনটি বিষয় ছাড়া কোনো চুক্তি করবে না।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবারের আলোচনায় কোনো সুরাহা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর আলোচনা ব্যর্থ হলে ইইউয়ে গ্রিসের থাকা নিয়ে সংশয় দেখা দেবে বলেই জানিয়েছে সেন্ট্রাল ব্যাংক।