১০০ বছরের মধ্যে ভয়াবহ খরায় উত্তর কোরিয়া
একশ’ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে উত্তর কোরিয়া। ১৯৯০ এর দশকের পর দেশটি আবার দীর্ঘস্থায়ী খাদ্য সঙ্কটের মুখোমুখি হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ’র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “উত্তর কোরিয়া ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশটির প্রভূত ক্ষতি করছে।”
কেএনসিএ’র প্রতিবেদন অনুযায়ী, দেশটির চার লাখ ৪১ হাজার হেক্টর ধানি জমির প্রায় এক তৃতীয়াংশ শুকিয়ে গেছে। পানির অভাবে মরে গেছে ধানের চারা।
বিশেষ করে বৃষ্টির অভাবে উত্তর ও দক্ষিণ ওয়ানঘা প্রদেশের কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ধানি জমিতে অন্যান্য ফসল চাষ শুরু হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির পানি মজুদ উদ্বেগজনক মাত্রায় কমে গেছে। নদী-নালাও শুকিয়ে যাচ্ছে। এ সঙ্কট মোকাবেলায় উত্তর কোরিয়া সাহা্য্য চাওয়ার চিন্তা ভাবনা করছে বলে জানান একীকরণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সাধারণত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত উত্তর কোরিয়ায় গড়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, এ বছর তার মাত্র ৫৭ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জুলাই পর্যন্ত এ অবস্থা চলতে থাকলে দেশের মোট কৃষি উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ কম হবে। যা মানবিক দুর্যোগ ডেকে আনতে পারে বলে আশঙ্কা কর্মকর্তাদের।
বিশ্ব খাদ্য প্রকল্পের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর কোরিয়ার প্রতি তিনজনে একটি শিশু অপুষ্টির শিকার। যদিও ২০১৪ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু এ বছর খাদ্য উৎপাদন কম হলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।
