২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সৌদিকে হত্যা করেছে আল-কায়েদা

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃ্ত্তির অভিযোগে সৌদি আরবের দুই নাগরিককে হত্যা করেছে ইয়েমেনের আল কায়দা জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 07:44 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সমুদ্র সৈকতে কালো কাপড়ে মুখ ঢাকা দুই ব্যক্তি বালির উপর হাঁটু গেড়ে বসে আছে। ব্যানার হাতে অস্ত্রধারী জঙ্গিরা তাদের ঘিরে রেখেছে।

ইয়েমেনে গত কয়েকমাস ধরে চলা বিশৃঙ্খলার সুযোগে আল কায়দা জঙ্গিরা দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের প্রদেশ হাদ্রামতের রাজধানী মুকাল্লা দখল করে।

নাম প্রকাশ না করার শর্তে মুকাল্লার একজন বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেন, “তারা (জঙ্গিরা) সৌদি আরবের দুই ব্যক্তিকে হত্যা করেছে। নিহতদের নাম আল-মুতাইরি ও আল-খালেদি।”

“জঙ্গিরা ওই দুই ব্যক্তিকে মুকাল্লা শহরের সৈকত ঘেঁষা রাস্তার ওপর দাঁড় করিয়ে দেয় এবং স্থানীয়দের বিশাল একটি জটলার সামনে গুলি করে হত্যা করে।”

মঙ্গলবার আরব উপদ্বীপের আল কায়েদার (একিউএপি) পক্ষ থেকে তাদের প্রধান নেতা নাসের আল বুহাইশি নিহত হওয়ার কথা জানানো হয়।

গত মঙ্গলবার মুকাল্লায় যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমানের (ড্রোন) বোমা হামলায় ওসামা বিন লাদেনের এক সময়ের সহযোগী বুহাইশি এবং আরও দুই জঙ্গি নিহত হয় বলে ধারণা স্থানীয়দের।

এ বছর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একিউএপি’র শীর্ষস্থানীয় আরও পাঁচ নেতা নিহত হয়েছে।