‘বিশ্বে সহিংসতাকেন্দ্রিক ব্যয় ১৪ ট্রিলিয়ন ডলার’
বিশ্বব্যাপী সহিংসতার খরচ চলতি বছর রেকর্ড ১৪ দশমিক তিন ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে। আর এই অঙ্কটি ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, স্পেন, যুক্তরাজ্য- এই ছয়টি দেশের সম্মিলিত অর্থনীতির সমপরিমাণ।
বুধবার অস্ট্রেলিয়াভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিস (আইইপি) বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে অশান্ত অঞ্চলগুলোর মধ্যে আফ্রিকীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলো পড়েছে। এসব দেশ ক্রমবর্ধমান সহিংতায় আরো ডুবে যাচ্ছে।
২০১৫ সালের বৈশ্বিক শান্তি সূচকে জরিপকৃত ১৬২ দেশের মধ্যে সিরিয়া সবচেয়ে অশান্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। আর সবচেয়ে দ্রুত পরিস্থিতির অবনতি হয়েছে লিবিয়ায়।
বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে আইসল্যান্ড নিজের অবস্থান ধরে রেখেছে।
আইইপি-র প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলেয়া থমসন রয়টার্স ফাউন্ডেশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “সহিংসতার খরচ সংঘর্ষে ক্রমবর্ধমান মৃত্যুর সঙ্গে, সংঘর্ষের ঘটনা যেখানে ঘটছে সেই দেশগুলোর অর্থনীতিতে এর প্রভাবের ওপর এবং বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সম্পর্কিত ক্রমবর্ধমান খরচের ওপর নির্ভর করে।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমানে উদ্বাস্তু মানুষের সংখ্যা সর্বোচ্চ স্তরে গিয়ে ঠেকেছে। শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত পাঁচ কোটিরও বেশি মানুষকে দেয়া সহায়তার খরচ ২০০৮ সাল থেকে ২৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৮ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।
এছাড়া সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং হত্যাকাণ্ডের বিষয়গুলো বন্দোবস্ত বাবদ খরচ, সহিংসতার সঙ্গে সম্পর্কিত আর সব খরচকে ছাপিয়ে যায়। গবেষণায় দেখা যায়, মোট খরচের ৬৮ শতাংশই এসব ব্যবস্থাপনায় খরচ হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেইনে সংঘর্ষ সত্বেও ইউরোপীয় দেশগুলো শান্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাত্রা অর্জন করেছে। আফগানিস্তান ও ইরাক থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের পর থেকে ইউরোপজুড়ে নিহতের সংখ্যা হ্রাস পেয়েছে।
কিন্তু ইরাক, সিরিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান এবং মধ্য আফ্রিকান রিপাবলিক, এই দেশেগুলোতে এক বছর আগের তুলনায় সহিংসতা আরো বেড়েছে।
গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে সংঘর্ষের তীব্রতা নাটকীয়ভাবে বেড়েছে। ওই দুই সময়ে নিহত মানুষের সংখ্যা ৪৯ হাজার থেকে এক লাখ ৮০ হাজারে এসে দাঁড়িয়েছে।
২০১৪ সালে দক্ষিণ এশিয়াকে ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সবচেয়ে সহিংসতা কবলিত অঞ্চলে পরিণত হয়েছে। ২০১৩ সালে দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে সহিংসতা কবলিত অঞ্চল ছিল।
এক বছরে গিনি-বিসাউ, আইভরি কোস্ট, মিশর ও বেনিনের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
