চাদের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭
সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের তিনটি আত্মঘাতী বোমা হামলায় চাদের রাজধানী জামেনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে একই সময়ে পুলিশ সদরদপ্তরে ও পুলিশের প্রশিক্ষণ স্কুলে এসব হামলা চালানো হয়।
নাইজেরীয় বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে চালানো আঞ্চলিক সামরিক অভিযানে চাদের নেতৃস্থানীয় ভূমিকার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুটি হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১০০ জন। নিহত ২৭ জনের মধ্যে বোকো হারামের চার আত্মঘাতীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।
প্রশিক্ষণ স্কুলের হামলাটিতেই বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এখানে এক আত্মঘাতী প্রবেশ করে প্রাঙ্গণে জড়ো হওয়া প্রশিক্ষণার্থীদের ভিড়ে মিশে বিস্ফোরণ ঘটায়।
আরেক আত্মঘাতী স্কুলের গেটের কাছে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটায়, এতেও বেশ কয়েকজন হতাহন হন।
পুলিশ সদর দপ্তরের সামনে মোটরসাইকেল আরোহী আরো দুজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এক প্রত্যক্ষদর্শী এখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন।
মধ্য আফ্রিকার দেশ চাদে আত্মঘাতী বোমা হামলার এটিই প্রথম ঘটনা। আফ্রিকার সাহেল এলাকায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে পশ্চিমা শক্তিগুলোর ঘনিষ্ঠ মিত্রতে পরিণত হয়েছে চাদ। অপরদিকে নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন ও বেনিনের সঙ্গে মিলে নাইজেরিয়ার বোকো হারামের জঙ্গিদের বিরুদ্ধে জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানেও নেতৃত্ব দিচ্ছে।
সালেহ অঞ্চলে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে অভিযানরত ফরাসি বাহিনীর সদর দপ্তরও জামেনাতে। আত্মঘাতী হামলার পর শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
বোকো হারামের নেতা আবুবকর শেকাউ চাদে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিলেও এতদিন জামেনাতে কোনো হামলার ঘটনা ঘটেনি।
“চাদকে লক্ষ্যে পরিণত করে করে বোকো হারাম ভুল করছে। আইন-কানুনহীন এসব সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে নির্মূল করা হবে,” রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন দেশটির যোগাযোগমন্ত্রী হাসান সাইলা বাকারি।
জামেনায় চালানো হামলার নিন্দা জানিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের ফ্রান্স চাদের পাশে থাকবে।
