‘যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা তথ্য হ্যাকারদের হাতে’
চীনের সঙ্গে সম্পর্কিত বলে সন্দেহ করা হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সামরিক কর্মকর্তাদের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।
গেল সপ্তায় বড় ধরনের একটি হ্যাকিংয়ের ঘটনা প্রকাশিত হয়, কিন্তু কর্মকর্তারা এখন দ্বিতীয় আরেকটি হ্যাকিংয়ের বিস্তারিত জানিয়েছেন।
হাতিয়ে নেয়া এসব তথ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীগুলোর সদস্য ও তাদের পরিবারকে ব্ল্যাকমেইলের ঝুঁকির মধ্যে ঠেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশিত এসব তথ্যের বিষয়ে হ্যাকিংয়ের শিকার হওয়া সংস্থা ‘দ্য অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট’ (ওপিএম) শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ছাড়পত্রের জন্য গোয়েন্দা ও সামরিক সদস্যদের পূরণ করা ফর্মই সাইবার হামলাকারীদের লক্ষ্য ছিল বলে ধারণা করছেন তারা।
এসব নথির মধ্যে চোখের বর্ণ থেকে শুরু করে আর্থিক ইতিহাস, অতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণ করার ইতিহাস থেকে শুরু করে বন্ধু ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করার বিস্তারিত তথ্য আছে।
