চীনের ঝো ইয়ংক্যাংয়ের আমৃত্যু কারাদণ্ড
দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার চীনের অভ্যন্তরীণ প্রতিরক্ষা দপ্তরের সাবেক প্রধান ঝো ইয়ংক্যাংকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।
ঘুষ গ্রহণ, রাষ্ট্রের গোপন তথ্য পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গোপন একটি আদালতে তার বিচার হয়।
এপ্রিলে ঝো’র বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। ২২ মে থেকে উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে গোপন একটি আদালতে তার বিচার কাজ শুরু হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ঝো নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে।
১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি চীনের ক্ষমতায় আসার পর এই প্রথম দলটির এতো শীর্ষ পর্যায়ের কোন নেতা ঘুষ কেলেঙ্কারিতে দণ্ডিত হলেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতি দূর করার প্রতিজ্ঞা করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেখা যায়, ঝো আদালতে বলেছেন, “আমি আদালতের রায় মাথা পেতে নিয়েছি এবং কোন আপিল করবো না।”
“আইন ভঙ্গ করার কারণে কি হয়েছে সেটা আমি অনুধাবন করতে পেরেছি। আমার কারণে দলের অনেক ক্ষতি হয়েছে। আমি আবারও আমার দোষ এবং আমাকে দেয়া শাস্তি স্বীকার করে নিচ্ছি।”
২০১৩ সালের অক্টোবরের পর এই নেতাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে চীনের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, “ঝো’র বিরুদ্ধে তদন্ত চলাকালে তিনি কর্মকর্তাদের সহযোগিতা করেছেন। তার আচরণ ভাল ছিল।”
তদন্তে দেখা গেছে, ঝো’র স্ত্রী এবং ছেলে ঘুষ হিসেবে ১২ কোটি ৯০ লাখ ইয়েন সমমূল্যের অর্থ এবং সম্পদ নিজেদের নামে করে নেয় এবং ঘুষ গ্রহণের পর তারা বিষয়টি ঝোকে জানায়।
