২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ‘কয়েকশ মার্কিন সেনা ইরাক যাচ্ছে’

ইরাকে নতুন করে প্রায় চারশ সেনা প্রশিক্ষক পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jun 2015, 06:59 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

যে কোন সময় এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকের আনবার প্রদেশে নতুন একটি সামরিক ঘাঁটিতে ওই প্রশিক্ষকরা অবস্থান করবেন।

তারা ইরাকের সেনাবাহিনীকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধের কৌশল সেখাবে।

আইএস’র বিরুদ্ধে যুদ্ধে তেমন সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র। যে কারণে পাহাড়সম চাপের মুখে পড়তে হয়েছে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাকে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা বলেন, আশা করা হচ্ছে নতুন করে মার্কিন সেনাদের উপস্থিতি ইরাকী বাহিনীর শক্তি বৃদ্ধি করবে।

সেইসঙ্গে আইএস’র বিরুদ্ধে হামলার পরিকল্পনায় এবং জঙ্গিদের দখল থেকে আনবার প্রদেশের রাজধানী রামাদি পুনরুদ্ধারে সাহায্য করতে পারবে।

ওই কর্মকর্তারা আরও বলেন, তবে সেইসঙ্গে এটাও আশা করা হচ্ছে, ইরাকে মার্কিন সেনাদের সরাসরি যুদ্ধ করতে না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকবেন ওবামা।

গতমাসে ইরাকী সেনারা রামাদির দখল হারায়। এরপর থেকে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সমালোচনার মুখে পড়তে হয় ওবামাকেও।

রামাদির দখল হারানোর পর ইরাকী বাহিনীর সক্ষমতা বাড়াতে ইরাকে অস্ত্র সরবরাহের গতি বাড়ায় ওয়াশিংটন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কার্যক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাও শুরু হয়।

আনবারের পশ্চিমাঞ্চলে আল-আসাদ সেনা ঘাঁটিতে ইতোমধ্যেই ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়া শুরু করেছে মার্কিন প্রশিক্ষকরা।

কাছের শহর হাব্বানিয়ায় নতুন সেনা ঘাঁটিটি স্থাপিত হতে পারে।