২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন পুলিশের কৃষ্ণাঙ্গ নির্যাতনের ভিডিও

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক কিশোরীকে মাটিতে ছুড়ে ফেলে তার চুল ধরে টানা-হেঁচড়া এবং অন্য কিশোরদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দেওয়ার ভিডিও প্রকাশের পর এক পুলিশ কর্মকর্তার পদত্যাগের দাবিতে কয়েকশ মানুষ রাস্তায় নেমে এসেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jun 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

টেক্সাসের ম্যাককিনি শহরে একটি পুলের পাশে পার্টিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত।

পার্টিতে একদল কিশোর-কিশোরী গানের তালে নাচছিল। পুলিশ তাদের পার্টি বন্ধ করে সেখান থেকে চলে যেতে বললে তারা ওই স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানায়।

ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা কিশোরদের বলছে, “পুলিশ এখানে আসার আগে দ্রুত দৌড়ে পালাও।” 

এরপর দেখা যায়, কেসবোল্ট নামের একজন পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ এক কিশোরীকে মাটিতে ছুড়ে ফেলে তার হাত চেপে ধরে এবং চুল ধরে টানতে থাকে। এক পর্যায়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকা কিশোরীর পিঠে সে তার হাঁটু চেপে ধরে।

ভিডিওতে আরও দেখা যায়, কেসবোল্ট ভিড়ের মধ্যে কৃষ্ণাঙ্গ তরুণদের গালাগালি করছেন এবং তাদের দিকে নিজের আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দিচ্ছেন।

সাত মিনিটের এই ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর শুধু সোমবারই তা ৭০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। 

ঘটনার প্রতিবাদে ম্যাককিনি শহরে প্রায় আটশ মানুষ রাস্তায় নেমে আসে।

নেক্স জেনারেশন অ্যাকশন নেটওয়ার্ক নামের একটি সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল হয়।

সংগঠনের প্রেসিডেন্ট ডমিনিক আলেক্সান্ডার বলেন, “আমাদের দাবি ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে হবে এবং তার বিরুদ্ধে কিশোরী নির্যাতনের অভিযোগ আনতে হবে।”

যে কিশোরী এই ঘটনার শিকার হয়েছে তার নাম দাজেরিয়া ব্যাকটন।

ক্ষোভের সঙ্গে ব্যাকটন বলে, “শুধু চাকরিচ্যুত করা তার (কেসবোল্ট) শাস্তি হিসেবে যথেষ্ট নয়।”

সোমবার কর্তৃপক্ষ ম্যাককিনি পুলিশ কর্পোরাল এরিক কেসবোল্টকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে।

কর্তৃপক্ষ জানায়, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত চলাকালে কেসবোল্ট ছুটিতে থাকবেন।

ম্যাককিনিতে প্রায় এক লাখ ৫০ হাজার মানুষে বসবাস। যাদের মধ্যে ১০ দশমিক ৫ শতাংশ আফ্রিকান-আমেরিকান। শহরটির ৭৫ শতাংশ বাসিন্দা শ্বেতাঙ্গ।

যুক্তরাষ্ট্রে গত কয়েক মাস ধরে শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ জনগণের নির্যাতিত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

ওই সব ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেছে কৃষ্ণাঙ্গরা। এ ঘটনা নতুন করে বিক্ষোভ উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।