চীনে বেপরোয়া গুলি, নিহত ৫
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বেপরোয়া গুলির্বষণের এক ঘটনায় দুই পুলিশসহ পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবারের হেবেইয়ের সানিং জেলার এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) ।
নিহতদের মধ্যে অন্ততপক্ষে একজন সন্দেহভাজন হামলাকারী রয়েছেন বলে সিসিটিভি জানিয়েছে। বিস্তারিত কিছু না জানিয়ে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছে চ্যানেলটি।
ব্যক্তিমালিকানায় আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি নিয়ন্ত্রিত হওয়ায় ও আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখায় চীনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংসতার ঘটনা বিরল।
সাম্প্রতিক সময়ের মধ্যে শুধু গেল ডিসেম্বরে উত্তরাঞ্চলীয় আরেক প্রদেশ লিয়াওনিংয়ে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় চীনের কেন্দ্রীয় ব্যাংকের লিয়াওনিং শাখার এককর্মী দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছিল।
