২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টে মুক্তি পাচ্ছেন পিস্টোরিয়াস

২১ আগাস্টের মধ্যে শর্ত সাপেক্ষে মুক্তি পেতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 08:27 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

দেশটির সংশোধন কার্যক্রম অধিদপ্তরের সুপারিশ ক্রমে মুক্তি দেয়া হচ্ছে সারা বিশ্বে ‘ব্লেড রানার’ নামে পরিচিত পিস্টোরিয়াস।

অধিদপ্তরের কমিশনার জ্যাক মদিস বিবিসিকে বলেন, প্রেটোরিয়ার কেগোসি মামপুরু কারাগারের মামলা ব্যবস্থাপনা কমিটি গত সপ্তাহে এ সুপারিশ করে। এই কারাগারেই সাজা ভোগ করছেন পিস্টোরিয়াস।

২০১৪ সালে ‘নরহত্যার’ অভিযোগে পিস্টোরিয়াসের পাঁচ বছরের কারাদণ্ড হয়।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মডেল বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস।

তখন পিস্টোরিয়াসের দাবি ছিল, বাড়িতে কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন তিনি। তার গুলিতে ঘটনাস্থলেই মারা যান বাথরুমে থাকা স্টিনক্যাম্প।

আদালতে ‘পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগ থেকে খালাস পান এই দৌড়বিদ।

দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী কারাদণ্ডের মোট মেয়াদের ছয় ভাগের এক ভাগ সাজা ভোগ কারার পর চাইলে কাউকে ‘সংশোধনমূলক তত্ত্বাবধানে’ মুক্তি দেয়া যাবে। এই আইনের অধীনেই মুক্তি পাচ্ছেন পিস্টোরিয়াস।

রাষ্ট্রের পক্ষ থেকে পিস্টোরিয়াসের রায়ে বিরুদ্ধে যে আপিল করা হয়েছে সেটার বিচার কাজ নভেম্বরে শুরু হবে।

বিশ্বের ‘পা বিহীন দ্রুততম মানব’ হিসেবে পরিচিত পিস্টোরিয়াস ২০০৪ সালে এথেন্স প্যারালিম্পিকে ২০০ মিটারে সোনা ও ১০০ মিটারে ব্রোঞ্জ পান।

চার বছর পর বেইজিং প্যারালিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটারে এবং ২০১২ লন্ডন প্যারালিম্পিকেও ২০০ ও ৪x১০০ মিটার রিলেতে সোনা জেতেন তিনি।

প্রথম অঙ্গহীন অ্যাথলেট হিসেবে লন্ডনে মূল অলিম্পিকেও তিনি অংশ নেন।