২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ব্লগারকে দোররা মারার শাস্তি বহাল

আন্তর্জাতিক সমালোচনার পরও সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির ব্লগার রাইফ বাদাউইর শাস্তি বহাল রেখেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 10:41 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

কানাডা থেকে বাদউই’র স্ত্রী এসাফ হায়দার বলেন, “এটি চূড়ান্ত রায়, যা আর কোনভাবেই পরিববর্তন হবে না।”

ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে বাদাউইকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রকাশ্যে ১০০০ বার দোররা মারার শাস্তি দেয়া হয়। তাকে ১০ লাখ রিয়াল জরিমানাও করা হয়।

জানুয়ারিতে জেদ্দা শহরের একটি মসজিদে জুমার নামাজে পর বাদাউইকে প্রথম দফায় ৫০ বার দোররা মারাও হয়।

এ ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে বাদাউই’র শাস্তি স্থগিত করা হয়।

আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার প্রতিক্রিয়া মার্চে সৌদি সরকারের পক্ষ থেকে ‘বিস্ময় ও হতাশা’ প্রকাশ করা হয়।

সেসময় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের অভ্যন্তরীন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোন ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

বাদাউই চার বছর ধরে লিবারাল সৌদি নেটওয়ার্ক নামে একটি ওয়েবসাইট পরিচালনা করেন।

ওই ওয়েবসাইট থেকে ধর্ম ও রাজনীতি বিষয় নিয়ে অনলাইনে বিতর্ক উৎসাহিত করা হত।

২০১২ সালে ‘ইলেক্ট্রনিক চ্যানেলের মাধ্যমে ইসলামকে অপমান’ করার অভিযোগে বাদাউইকে গ্রেপ্তার করা হয়।