২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ললিতার সম্পদের পরিমাণ ১১৭ কোটি ১৩ লাখ রুপি

নিজের মোট সম্পদের পরিমাণ ১১৭ কোটি ১৩ লাখ রুপি বলে ঘোষণা করেছেন ভারতের তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 12:32 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

শুক্রবার রাজ্যের রাধাকৃষ্ণান নগর বিধানসভা আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার সময় নিজের সম্পদের এ ঘোষণা দেন তিনি। আগামী ২৭ জুন ওই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। 
 
শনিবার ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার সম্পদ বিবরণীর বিস্তারিত প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।  
 
২০১১ সালের মে মাসে রাজ্য বিধানসভার নির্বাচনে শ্রীরাঙ্গম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সময় নিজের মোট সম্পদ ৫১ কোটি ৪০ লাখ রুপি বলে ঘোষণা করেছিলেন জয়ললিতা। 
 
এবারের মনোনয়নপত্রে দেয়া তথ্যানুযায়ী তার ১১৭ কোটি ১৩ লাখ রুপির সম্পদের মধ্যে ৪৫ কোটি চার লাখ অস্থাবর ও ৭২ কোটি নয় লাখ স্থাবর সম্পত্তি।  
 
এক লাখ ৩২ হাজার রুপিতে কেনা ‘বেদা নিলায়াম’ নামের ২৪ হাজার বর্গফুট বাসার বর্তমান মূল্য ঘোষণা করেছেন ৪৩ কোটি ৯৬ লাখ রুপি। ১৯৬৭ সালে জুলাইয়ে তিনি ও তার মা এ বাসাটি কিনেছিলেন বলে জানিয়েছেন তিনি। 
 
বাসস্থান ছাড়াও চারটি বাণিজ্যিক ভবনের মালিক তিনি। এই ভবনগুলোর মূল্য ১৩ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৯৯০ রুপি। এছাড়া হায়দ্রাবাদে নিজের মালিকানায় থাকা ১৪ দশমিক পাঁচ একরের কৃষিজমির মূল্য দেখিয়েছেন ১৪ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০০ রুপি। 
 
তার নিজের নয়টি গাড়ির বর্তমান মূল্য ৪২ লাখ ২৫ হাজার রুপি।  
 
তার ২১ হাজার দুইশ ৮০ গ্রামের বেশি স্বর্ণালঙ্কার কর্তৃপক্ষ আটক করায় ও তা কর্নাটক সরকারের কোষাগারে থাকায় এসব অলঙ্কারের প্রকৃত মূল্য তিনি নির্ধারণ করতে পারেননি বলে জানিয়েছেন।
 
জয়ললিতার বিরুদ্ধে দায়ের করা আয়-বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় ওই স্বর্ণালঙ্কারগুলো আটক করেছিল কর্তৃপক্ষ। সম্প্রতি ওই মামলার দায় থেকে মুক্ত হয়েছেন তিনি। 
 
স্বর্ণালঙ্কার ছাড়াও জয়ললিতার সংগ্রহে এক হাজার ২৫০ কেজির রূপার তৈজসপত্র রয়েছে। এছাড়া ব্যবসায়িক অংশীদারিত্ব সূত্রের আয়সহ সরকারি বেতন-ভাতা বাবদ আয়ও রয়েছে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর।