২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মির সীমান্তে ৩ জঙ্গি নিহত: ভারতীয় সেনাবাহিনী

জাম্মু ও কাশ্মির সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 06:54 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

ওই জঙ্গিরা শনিবার ভোরে কুপওয়ারা জেলার লাইন অব কন্ট্রোল (এলওসি) দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুক যুদ্ধ হয়।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, “যখনই অনুপ্রবেশকারীরা এলওসি অতিক্রম করে আমাদের অংশে প্রবেশ করে, তাদের বাধার মুখে পড়তে হয়।”

কাশ্মিরে সেনাবাহিনীর ১৫ কোর’র কমান্ডিং অফিসার লেফ্টেনেন্ট জেনারেল সুব্রত সাহা রয়টার্সকে বলেন, “এলওসি’র কাছে তিন জঙ্গির উপস্থিতি বুঝতে পেরে আমাদের সেনারা সেখানে অভিযান চালায়।”

“সেখানে অবস্থান করা সেনাসদস্যরা জঙ্গিদের বাধা দেয়। তিনজন জঙ্গির সবাই মারা গেছে।”  

ওই এলাকায় এখনও অভিযান চলছে। ভারতীয় সেনাবাহিনীর আশঙ্কা, ওই এলাকায় আরও জঙ্গি রয়েছে।

গত দুই সপ্তাহে ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশের এরকম তিনটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। 

২৫ মে তাংধার সেক্টরে অনুপ্রবেশের চেষ্টার সময় বন্দুক যুদ্ধে তিন সেনা ও এক জঙ্গি নিহত হয়। আর এ সপ্তাহের শুরুতে একই এলাকায় অন্য একটি বন্দুক যুদ্ধে চার জঙ্গি ও একজন বেসামরিক মানুষ প্রাণ হারায়।