মালয়েশিয়ায় ভূমিকম্পে আটকা ১৩৭ পর্বতারোহী
মালয়েশিয়ার শাবাহ প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পের পর মাউন্ট কিনাবালুতে অন্তত ১৩৭ জন পর্বতারোহী আটকা পড়ছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পর্বতারোহীদের কয়েকজন আহত হয়েছেন এবং খুব সম্ভবত একজন বা দুইজন প্রাণ হারিয়েছেন। তবে কেউ এ তথ্য নিশ্চিত করেনি।
টুইটারে দেশটির পর্যটনমন্ত্রী মাজিদি মানজুন বলেন, “উদ্ধারকর্মীরা দক্ষিণপূর্ব এশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিনাবালুর পথে রওয়ানা হয়েছে।”
মালয়েশিয়ার সাবাহ প্রদেশের বর্নেও দ্বীপে মাউন্ট কিনাবালুর অবস্থান।
ইউএস জিওলজিক্যাল সার্ভে’র তথ্যানুযায়ী, প্রাদেশিক রাজধানী কটা কিনাবালু থেকে ৫৪ কিলোমিটার দূরে ৫ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
৪,০৯৬ মিটার উঁচু মাউন্ট কিনাবালু আরোহণের জন্য প্রতি বছর দেশি-বিদেশি অনেক পর্বতারোহী সাবাহ প্রদেশে যান।
রাজ্যের অগ্নি এবং উদ্ধার অধিদপ্তরের পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়, কিনাবালুতে অন্তত ১৩৭ জন আটকা পড়েছেন।
অধিদপ্তরের গণসংযোগ কর্মকর্তা আফ্ফেনদি রামিন বলেন, এখন পর্যন্ত ৫২ জন পর্বতারোহী নিরাপাদে নিচে নেমে এসেছেন।
ভূমিকম্পের সময় ১৬টি দেশের পর্বতারোহীরা কিনাবালুতে ছিলেন। তাদের মধ্যে ১১৭ জন মালয়েশিয়ার, ৩৮ জন সিঙ্গাপুরের, ৫ জন আমেরিকার, চার জন নেদাল্যান্ডের, তিন জন যুক্তরাজ্যের, দুই জনফ্রান্সের, দুই জন অস্ট্রেলিয়ার।
এছাড়া বেলজিয়াম, থাইল্যান্ড, ফিলিপিন্স, কাজাখস্তান, ভারত, নিউ জিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও চীনের পর্বতারোহীরা সেখানে ছিলেন বলে জানান ওই কর্মকর্তা।
“ভূমিকম্পের প্রভাবে সেখানে ছোটখাট ভূমিধস হওয়ায় পর্বতে উঠার স্বাভাবিক রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এ কারণে কিছু মানুষ সেখানে আটকা পড়েছে এবং নিচে নামতে পারছে না। তারা উদ্ধারের অপেক্ষায়আছে।”
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পর্বতের বিখ্যাত স্থান জোড়া চূড়া যা ‘গাধার কান’ নামে পরিচিত সেটি ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চার/পাঁচ জনের মৃত্যুর গুঞ্জন ছড়ালেও গণমাধ্যম দুই/এক জনের কথা বলছে।
কর্মকর্তারা জানান, পাহাড়ী গ্রামের বাসিন্দারা এবং উদ্ধার কর্মীরা যাতায়াতের বিকল্প পথ খুঁজছে। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে করে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।
