২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে হেলমুট কোহল’

অন্ত্রে অস্ত্রোপচারের পর থেকে সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোহল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 02:04 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

মঙ্গলবার রাতে জার্মান গণমাধ্যম দের স্পিগেলের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

৮৫ বছর বয়সী সাবেক রক্ষণশীল এই নেতা দক্ষিণপশ্চিম জার্মানির হাইডেলবার্গ শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। 

‘তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে’ বলে কোহলের দপ্তর থেকে জানানো হয়েছে।
 
যদিও তার শারীরিক অবস্থাকে ‘সঙ্কটজনক’ বলে বর্ণনা করেছে দের স্পিগেল।
 
তিন সপ্তাহ ধরে কোহল নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন বলে জানিয়েছে সংবাদপত্রটি। 

বুন্তে সাময়িকী জানিয়েছে, অন্ত্রের অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় অচেতন ছিলেন তিনি। 

জার্মানির ‘পুনরেকত্রিকরণের জনক’ হিসেবে পরিচিত কোহল সবচেয়ে দীর্ঘ সময় ধরে আধুনিক জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চ্যান্সেলর থাকার সময়ই তথাকথিত ‘ঠাণ্ডাযুদ্ধ’র অবসান হয়।

১৯৮২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।  
 
‘ঠাণ্ডাযুদ্ধ’র অবসানে বার্লিন দেয়ালের পতন হলে পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রিকরণে নেতৃত্ব দেন তিনি। 
 
এছাড়াও ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরার সঙ্গে মিলে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একক মুদ্রা ইউরোর প্রচলন করেন।