ইউক্রেইনের নাগরিকত্ব নিলেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট
ইউক্রেইনের ওডেসা অঞ্চলের গভর্নরের দায়িত্ব নেওয়ার পর নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি।
জর্জিয়ার নাগরিকত্ব ধরে রাখলে তাকে ‘কারাগারে যেতে হবে’ বলে সোমবার বিবিসিকে জানিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি তার বিরুদ্ধে জর্জীয় কর্তৃপক্ষের দায়ের করা ফৌজদারি অভিযোগের দিকে ইঙ্গিত করেছেন।
ইউক্রেইনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো শনিবার অপ্রত্যাশিতভাবে সাকাশভিলিকে ওডেসার গভর্নর হিসেবে নিয়োগ দেন।
২০১৩ সালে নিজের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার পর জর্জিয়া ছাড়েন সাকাশভিলি। জর্জিয়ার মৌলিক সংস্কারের জন্য সাকাশভিলিকে কৃতিত্ব দেয়া হলেও সেখানে ক্ষমতার অপব্যবহারের কারণে অভিযুক্ত হয়েছেন তিনি।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যা দিয়ে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
তিনি জর্জিয়ার প্রেসিডেন্ট থাকাকালে ২০০৮ সালে রাশিয়ার সঙ্গে এক সংক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল জর্জিয়া।
