২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র নির্যাতনের ভিডিও প্রকাশ

মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও চিত্রে ১৪ বছর বয়সী সিরিয়ার এক কিশোরের ইসলামিক স্টেটের হাতে (আইএস)নিষ্ঠুর নির্যাতনের শিকার হওয়ার দৃশ্য ফুটে উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 08:19 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

বিবিসি ওই ভিডিওটি হাতে পেয়েছে। আইএস’র দলত্যাগী কেউ একজন ওই ভিডিওটি ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, আহমেদ নামের ওই কিশোরকে সিলিংয়ে ঝুলিয়ে মারা হচ্ছে। পরে ওই কিশোর আইএস’র হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে তিনি তুরস্কে আছেন।

বিবিসি প্রতিনিধি আহমেদের সঙ্গে কথা বলে দুঃসহ ওই স্মৃতির কথা জানতে পেরেছেন। ভিডিওতে দেখা যায়, আহমেদকে মাটি থেকে প্রায় এক ফুট উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। তার মুখ কালো কাপড়ে ঢাকা।

মুখোশ পরা দুই ব্যক্তি যাদের আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা, তারা আহমেদের সামনে দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটি ছুরি ও একটি পিস্তল। অন্য একজন একটি একে-৪৭ রাইফেল হাতে কক্ষের ভেতর পায়চারি করছে।

তারা আহমেদের হাত বেঁধে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে পেটাতে শুরু করে। আইএস যখন আহমেদকে ধরে এবং নির্যাতন করে তখন তার বয়স ছিল ১৪।

নির্যাতনের স্মৃতি সম্পর্কে আহমেদ বিবিসি’কে বলেন, “পেটানোর সময় আমি বাবা-মার কথা মনে করতাম। মায়ের মুখ কল্পনা করতাম।”

“আমার মনে হত আমি মারা যাব এবং আর কখনই  বাবা-মা, ভাইবোন, বন্ধু, আত্মীয়দের সঙ্গে দেখা হবে না। আমার মনে হত আমি মারা যাচ্ছি।”

“মুখ খোলানোর জন্য তারা আমাকে প্রহার করত, ইলেক্ট্রিক শক দিত। আমি তাদের সবকিছু বলেছিলাম।”

আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার শহর রাক্কায় আহমেদ রুটি বিক্রি করতেন। তার চেনা দুই ব্যক্তি তাকে আইএস’র সভাস্থলের কাছে একটি ব্যাগ রাখতে বলে। ওই ব্যাগে বোমা ছিল, যেটা সম্পর্কে আহমেদ কিছু জানতেন না।

আহমেদ ধরা পড়ে। কম বয়সী হলেও আইএস তাকে কোনো রকম দয়া করেনি। আহমেদকে দুইদিন ধরে নির্যাতন করা হয়।

“তারা বলে তারা ধার্মিক, আসলে তারা কাফের। তারা ধূমপান করে। তারা বলে, তারা ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে চায়, আসলে তারা তা চায় না। তারা আঘাত করে এবং মানুষ হত্যা করে।”

আইএস আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু যার ওপর আহমেদকে হত্যার দায়িত্ব পড়েছিল তার মনে দয়া হয় এবং সে তাকে পালিয়ে যেতে দেয়।

তবে প্রাণে বাঁচলেও দুঃস্বপ্ন পিছু ছাড়েনি আহমেদের। তার কথায়, “আমি একদমই ঘুমাতে পারি না। যখন আমি প্রথম তুরস্ক এলাম তখন সব সময়ই দুঃস্বপ্ন দেখতাম। এখানে আমার চিকিৎসা হয়। কিন্তু এখনো আমি ঘুমাতে পারি না।”

“আমি যখন চোখ বন্ধ করি তখনই দুঃস্বপ্ন হানা দেয় এবং আমি জেগে যাই। সারারাত আর ঘুমাতে পারি না।”

যে ব্যক্তি মোবাইলে আহমেদের নির্যাতনের দৃশ্য ধারণ করেছেন তার সঙ্গে বিবিসি প্রতিনিধি সাক্ষাৎ করেন। ওই ব্যক্তি আইএস ছেড়ে চলে এসেছেন এবং আইএস এ যোগ দেয়ার কারণে এখন অনুশোচনায় ভুগছেন।

ওই ব্যক্তি বলেন, প্রচারণার জন্য ওই ভিডিওটি বানানো হয়েছিল। তার উক্তি, “প্রতি মুহূর্তে আমি অনুতাপ করি। যখন আমি আইএস এ যোগ দেই তখন আমি সংগঠনটির প্রতি অনুরুক্ত ছিলাম না, কিন্তু তারপরও আমি যোগ দেই।”

“যদিও আইএস এ থাকা অবস্থায় আমি মানুষের প্রতি খুব বেশি নিষ্ঠুর আচরণ করিনি। আশা করি ওই সময় যাদের আমি কষ্ট দিয়েছি তারা আমাকে ক্ষমা করবে।”

জাতিসংঘের অভিযোগ, আইএস ছাড়াও সিরিয়া ও ইরাকের জঙ্গি সংগঠনগুলো শিশুদের নির্যাতন ও হত্যা করছে। এছাড়া, জঙ্গি দলগুলো শিশুদের দলে টেনে তাদের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে।

জঙ্গি সংগঠনের হয়ে যুদ্ধ করেছে এমন এক কিশোর বিবিসি’কে জানিয়েছে, সে কিভাবে মাত্র ১৫ বছর বয়সে আল-কায়দা সংশ্লিষ্ট জঙ্গি দল আল-নুসরা ফ্রন্টের হয়ে যুদ্ধ করত এবং মানুষ হত্যা করত।

এরপর সে আইএস এ যোগ দেয় এবং সেখানে ১৩ বছর বয়সী অন্য এক কিশোরকে দেখতে পায় যাকে আইএস প্রশিক্ষণ দিচ্ছে।