২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ভাইস-প্রেসিডেন্টের ছেলের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে বো মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 10:45 AM

Updated : 12 Oct 2022, 03:44 PM

বিবিসি বলছে, ৪৬ বছর বয়সী বো চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রেড আর্মি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিলেন।

ডেলাওয়ার অঙ্গরাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল বো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একজন উঠতি তারকা ছিলেন। ২০১৬ সালে অনুষ্ঠিতব্য গভর্নর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তিনি শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন।

বোর মৃত্যুতে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “মিশেল ও আমি আজ দুঃখভারাক্রান্ত।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “বো ছিলেন অত্যন্ত ভাল ও বড় হৃদয়ের অধিকারী একজন একনিষ্ঠ ক্যাথলিক। তিনি ছিলেন গভীর নিষ্ঠাবান একজন মানুষ।” 

২০১০ সালে বো বাইডেনের মাইল্ড স্ট্রোক করেছিলেন। তিন বছর পর টেক্সাসের ক্যান্সার সেন্টারে তার এক অস্ত্রোপচার হয়।

বো ২০০৮ সালে ডেলাওয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন হিসাবে ইরাক যুদ্ধে অংশ নেন এবং একবছর সেখানে অবস্থান করেন।

জো বাইডেনের জ্যেষ্ঠ ছেলে বো’র স্ত্রী হাল্লি। নাটালি ও হান্টার নামে দুই সন্তান রয়েছে তাদের।