পুতিন সরকারকে সমর্থন করে ৮৬% রুশ
রাশিয়ার অর্থনৈতিক চিত্রটা সন্তোষজনক না হলেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনসমর্থন রেকর্ড পর্যায়েই আছে।
দেশের ৮৬ শতাংশ নাগরিক এখনো পুতিন সরকারকে সমর্থন করে। রাশিয়ার বেসরকারি জরিপ ও সামাজিক গবেষণা সংগঠন ‘লেভাদা সেন্টার’ পরিচালিত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
বৃহস্পতিবার প্রকাশিত এ জরিপের ফলে দেখা গেছে, পুতিন সরকারের বিপক্ষে মত দিয়েছে মাত্র ১৩ শতাংশ রুশ।
রাশিয়া ফেডারেশনের ৮৫টির মধ্যে ৪৬টি স্থানে ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত জরিপটি চালানো হয়। এতে ৬২ শতাংশ নাগরিকের ভোটে পুতিন এখনো সবচেয়ে নির্ভরযোগ্য রাজনীতিবিদ হিসাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন।
এপ্রিলের শেষ দিকে চালানো একই ধরনের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায় পুতিনের জনসমর্থনে কোনো পরিবর্তন ঘটেনি।
অন্যদিকে, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভের জনসমর্থন ৬৩ শতাংশ। এ হার আগের রেকর্ডকৃত হারের চেয়ে ১ শতাংশ কম।
