ধড়-মাথা আলগা হয়েও প্রাণ বাঁচল যুবকের
গাড়ি দুর্ঘটনায় ধড় থেকে মাথা আলগা হয়ে যাওয়ার পরও যুক্তরাজ্যের এক যুবক প্রাণে বেঁচে গেছেন।
মিরর অনলাইন রোববার জানিয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় ঘাড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছিল যুবক টোনি কাওয়ানের। এ অবস্থা থেকে যে বেঁচে ফিরতে পারবেন তা ভাবেননি কেউই।
কিন্তু আশা ছাড়েননি চিকিৎসক। বিরল এক অপারেশনের মধ্য দিয়ে অসাধ্য সাধন করেন তিনি।ভারতীয় বংশোদ্ভূত নিউরো-সার্জন অনন্ত কামাত টিস্যু ও পেশির সাহায্যে লোহার পাত বসিয়েকাওয়ানের ধড় ও মাথা জোড়া লাগান।
গত বছর ৯ সেপ্টেম্বর লন্ডনের নিউ ক্যাসেল শহরে গাড়ি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সী কাওয়ান। হঠাৎই গাড়ির নিয়ন্ত্রণ হারানোয় বাম্পারে সজোরে ধাক্কা খায় তার গাড়ি। আছড়ে পড়ে টেলিফোনেরএকটি খুঁটির ওপর। মারাত্মক এ দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল কাওয়ানের হৃদস্পন্দন। ধড় থেকে আলাদা হয়ে গিয়েছিল মাথা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয় পুলিশ।
কাওয়ানের অবস্থা দেখে চিকিত্সকরা প্রথমে জানিয়েই দিয়েছিলেন, তাকে বাঁচানো সম্ভব না। কিন্তু এরপরই তারা এমন এক অপারেশন করেন যা আগে কখনো করেননি।
চিকিত্সকরা বলছেন, দুর্ঘটনায় কাওয়ানের মস্তিষ্কে কোনো আঘাত লাগেনি। তার ঘাড়ের হাড় ভেঙে মাথাটা ঘাড় থেকে আলগা হয়ে গিয়েছিল। শুর্ধ টিস্যু আর পেশী দিয়ে এটি কোনোভাবে আটকে ছিল। এ অবস্থা থেকেই ধড়-মুণ্ডু জোড়া দিয়ে প্রাণ বাঁচল কাওয়ানের। খুব শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি।
