২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, ঝড়ে নিহত ২ 

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা রাজ্যে আকস্মিক বন্যা ও প্রবল ঝড়ের কবলে পড়ে দুই জন নিহত ও অপর তিনজন নিখোঁজ রয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 May 2015, 11:57 AM

Updated : 25 Apr 2022, 01:24 PM

রোববারের এ প্রাণঘাতী আবহাওয়ার কারণে হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এতে ওই দুই রাজ্যের কয়েক হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 
 
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ছয় থেকে নয় ইঞ্চি বৃষ্টিপাতে দক্ষিণ ওকলাহোমা ও টেক্সাসের মধ্যাঞ্চলে সান মার্কোস নদীর পানি উপচে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
 
২৫ বছর বা তারও বেশি সময়ে এই এলাকায় এ ধরনের বন্যা হয়নি বলে জানিয়েছেন এনডব্লিউএসের আবহাওয়াবিদ কুর্ট ভ্যান স্পেব্রোয়েক। 
 
বন্যাক্রান্ত টেক্সাসের মধ্যাঞ্চলীয় হেইস এলাকার বিভিন্ন বাড়ির ছাদ থেকে বন্যার্ত মানুষদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে। 
 
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ৪০০ বাড়ি থেকে এক হাজার জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। 
 
আবহাওয়ার পূর্বাভাসে রোববার আইওয়ার মধ্যাঞ্চল ও দক্ষিণ টেক্সাসে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ওই এলাকায় বিচ্ছিন্ন টর্নেডো ও শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।  
 
ওইদিন সকালে এক সংবাদ সম্মেলনে হেইস কান্ট্রির বিচারক বের্ট কোব বলেছেন, “আমাদের উদ্দাম কল্পনায়ও পানির এ রকম দেয়াল আমরা দেখিনি, এগুলোর কোনো কোনোটি খুব দ্রুত এসে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে।”
 
বিকেলে আরেক সংবাদ সম্মেলনে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তিনজন নিখোঁজ রয়েছেন এবং ধ্বংসস্তুপ কোথাও কোথাও ২০ ফুট উঁচু হয়ে ছড়িয়ে আছে।
 
বন্যার পানিতে ডুবে মৃত অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র। 
 
রোববার রাতে হেইস এলাকার বাসিন্দাদের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 
 
ওকলাহোমার ক্ল্যারেমোর শহরের দমকল প্রধান জানিয়েছেন, বন্যার পানিতে আটকা পড়া একটি পরিবারকে উদ্ধার করতে গিয়ে তাদের কর্মী ক্যাপ্টেন জ্যাসন ফার্লে ঝড়ের কবলে পড়ে মারা গেছেন। এ সময় ফার্লের সঙ্গে থাকা দমকলের আরেক কর্মী আহত হয়েছেন।
 
এই এলাকার বহু সড়ক বন্ধ করে দেয়া হয়েছে এবং দুর্গতদের জন্য আশ্রয় শিবির খুলেছে রেড ক্রস।