২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের শিশুদের মধ্যে বাড়ছে মুসলিম বিদ্বেষ

‘মুসলিমরা যুক্তরাজ্য দখল করে নিচ্ছে’- দেশটির এক-তৃতীয়াংশ স্কুলশিক্ষার্থী তা মনে করে বলে এক জরিপে উঠে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

ইউরোপের দেশটিতে মুসলিম এবং সেই সঙ্গে অভিবাসীদের প্রতি শিশুদের বিদ্বেষের এই চিত্র ফুটে উঠেছে বর্ণবাদবিরোধী দাতব্য প্রতিষ্ঠান ‘শো রেসিজম দ্য রেড কার্ডের (এসআরটিআরসি)’ এক জরিপে।

তাদের জরিপের ফল ফলের উদ্ধৃতি দিয়ে বুধবার এই সংবাদ ছেপেছে যুক্তরাজ্যের দৈনিক দি ইনডিপেন্ডেন্ট।

এসআরটিআরসি’র প্রধান গেড গ্র্যাবি বলেছেন, জরিপের এই ফলাফল প্রমাণ করে শিশুরা ‘চরমপন্থি’ হয়ে উঠছে আভিবাসী বিষয়ে। গণমাধ্যম থেকে তারা কী তথ্য নিচ্ছে, এখন সে বিষয়েও সজাগ হবার সময় এসেছে।

“যুক্তরাজ্যে অভিবাসী ও মুসলিমদের নিয়ে বিকৃত উপস্থাপনের ফলেই এই বিরূপ প্রতিক্রিয়া।”

এক স্কুলছাত্রের মন্তব্যে লেবার পার্টির এমপি ত্রিসটাম হান্টের বিব্রত হওয়ার মাস না পেরোতেই এই জরিপের ফল প্রকাশ হল। ওই শিশুটি বলেছিল, সে ইউকেআইপিকে ভোট দিতে চায়, কেননা ওই দলটি সব বিদেশিকে যুক্তরাজ্য তাড়ানোর কথা বলেছে।

এসআরটিআরসি যুক্তরাজ্যের ৬০টি স্কুলে ১০ থেকে ১৬ বছর বয়সী ৫ হাজার ৯৪৫ শিক্ষার্থীর মতামত নিয়ে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করেছে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই জরিপ চালানো হয়।

৬০ শতাংশ স্কুলশিক্ষার্থী মনে করে, রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের কারণে তাদের চাকরির বাজার নষ্ট হচ্ছে। প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) মনে করে, মুসলিম ও অমুসলিমদের মধ্যে সম্পর্ক খুবই খারাপ।

তবে জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪১ শতাংশ ‘মুসলিমরা তাদের দেশ দখল করে নিচ্ছে’ বলে মনে করছে না।

শিক্ষার্থীদের মধ্যে ৪৯ শতাংশ অভিবাসী ইস্যুটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলে মত দিয়েছে।

জরিপের ফল নিয়ে অনেকের উদ্বেগের মধ্যে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক হিলারী পিলকিংটন বলেন, একে তরুণদের মধ্যে চূড়ান্ত অর্থে বর্ণবাদের বিস্তৃতি হিসেবে দেখা ঠিক হবে না। বরং এটি ভুল তথ্যের একঘেয়ে প্রচারের একটি ফল।

জরিপ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নর্দাম্পটন ইউনিভার্সিটির অধ্যাপক পল জ্যাকসনও বলেন, এটি কিছু তরুণের ‘বাস্তবতা ও উপলব্ধির’ মধ্যকার অনভিজ্ঞতাবশত দূরত্বের ফসল মাত্র।

“একটি গোষ্ঠির প্রতি এই ধরনের চেপে রাখা ক্ষোভ অবশ্যই উদ্বেগের বিষয় এবং সামাজিকভাবে এটাকে হালকাভাবে নেওয়া উচিৎ নয়,” সেইসঙ্গে সতর্ক করেন তিনি।