সাগরে সঙ্কট: ৩ দেশের নিন্দায় জাতিসংঘ
ধুঁকতে থাকা মানুষকে ঢুকতে না দেওয়ায় জাতিসংঘের নিন্দার মুখে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সাগরে চলমান এই সঙ্কটের মধ্যে মানব পাচার রোধে আলোচনায় বসতে যাচ্ছে।
কুয়ালা লামপুরে আগামী বুধবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক হবে বলে সোমবার রয়টার্স জানিয়েছে।
এদিকে বিবিসি জানিয়েছে, এই তিন দেশ সাগরে ভাসা অবৈধ অভিবাসীদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
“এটা একটা খারাপ ইঙ্গিত,” বলেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান।
দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, এই দেশগুলো আশ্রয়প্রত্যাশী মানুষকে ফিরিয়ে দেওয়ায় আন্দামান সাগরে এক মানবিক সঙ্কট তৈরি হয়েছে।
যেসব নৌকাকে কূলে ভিড়তে দেওয়া হচ্ছে না, তার মধ্য থেকে যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন, তারা খাদ্য নিয়ে রক্তক্ষয়ী সংঘাতের কথা জানিয়েছেন।
ইন্দোনেশিয়া শুরুতে নমনীয় হলেও এখন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধদের কোনো সহায়তা না করতে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের বলা হয়েছে।
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র বিবিসিকে বলেন, তারা খাবার দিতে মানা করেননি। তবে কাউকে তীরে আনতে জেলেদের মানা করে দিয়েছেন।
তবে জেলেদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, সাগরভাসা এই মানুষকে কোনো সহায়তাই করতে দেওয়া হচ্ছে না।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে গত এক সপ্তাহে যে দেড় হাজার মানুষ স্থানীয়দের আশ্রয় পেয়েছে, তারাও খাদ্য সঙ্কটে রয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
আচেহ প্রদেশের উপকূলবর্তী শহর লাঙ্গসার মেয়র উসমান আবদুল্লাহ বিবিসিকে বলেছেন, “এই মানুষদের সহায়তা দেওয়ার কোনো বাজেট আমাদের নেই। জাকার্তা থেকেও কোনো সাহায্য আসেনি।”
“এখন আমাদের অর্থ দরকার, সেটা সরকার থেকেই হোক কিংবা বিদেশি কোনো সংস্থা বা এনজিও থেকে,” আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানত মালয়েশিয়া গমনেচ্ছুদের ঢল থেকে কয়েক মাস আগে এই সঙ্কটের সূত্রপাত। মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশ থেকে যাওয়া অনেকের কবর থাইল্যান্ডের একটি জঙ্গল থেকে উদ্ধারের পর দেশটি অভিবাসী সমস্যা মোকাবেলায় কঠোর হয়।
থাইল্যান্ডের ওই জঙ্গলটি মালয়েশিয়া সীমান্তের কাছেই। এরপর মালয়েশিয়া অবৈধ কোনো অভিবাসীকে ঢুকতে না দিতে কঠোর অবস্থান নেয়। অবৈধদের বহনকারী নৌকা বা ট্রলারগুলো তখন ইন্দোনেশিয়া অভিমুখে রওনা হলে তাদেরও কূলে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।
মূলত মিয়ানমার থেকে এবং সেই সঙ্গে বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে অবৈধ অভিবাসীবাহী এই নৌকাগুলো রওনা হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর।
রোহিঙ্গাদের এভাবে দেশত্যাগ ঠেকাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকলেও তারা বরাবরই বিষয়টি উপেক্ষা করে আসছে। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতেও নারাজ দেশটি।
মিয়ানমার এই সমস্যার জন্য প্রতিবেশী দেশগুলোর সস্তায় শ্রমিক চাওয়াকে দায়ী করছে। ওই দেশগুলোর মানব পাচারকারীদের ধরতে আহ্বান জানিয়েছে তারা।
মানবপাচার চক্রের এক হোতাকে থাইল্যান্ড পুলিশ সোমবার গ্রেপ্তার করেছে বলে রয়টার্স জানিয়েছে। গ্রেপ্তার পাচুবান আংচোতিপান দেশের দক্ষিণাঞ্চলের সাতুন প্রদেশের সাবেক সরকারি কর্মকর্তা বলে থাই পুলিশ জানিয়েছে।
থাইল্যান্ডের পুলিশ প্রধান জেনারেল সমযুত পুমপানমাং বলেন, সে মানবপাচার চক্রের হোতা, তার অনেক সাগরেদ রয়েছে।”
