২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কট: মিয়ানমারের ওপর চাপ বাড়ছে

রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে তৎপর হতে মিয়ানমারের ওপর চাপ বড়ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 12:35 AM

Updated : 12 Oct 2022, 03:42 PM

পুরনো খবর:

নৌকায় ভাসমান রোহিঙ্গাদের দায়িত্ব অস্বীকার মিয়ানমারের

মালয়েশিয়া আন্দামান সাগরে ভেসে আসা রোহিঙ্গাদের ঢল বন্ধে মিয়ানমারকে ব্যবস্থা নেয়ার জন্য চাপ দিয়েছে।

মিয়ানমার থেকে আসা ১ লাখ ২০ হাজার অবৈধ অভিবাসীকে ইতোমধ্যেই ঠাঁই দিয়েছে মালয়েশিয়া।

রোববার দেশটি পরিষ্কার করে জানিয়েছে, তারা আর কোনো অভিবাসী নিতে চায় না। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনও এদিন বলেছেন, মিয়ানমারকে এখন দায়িত্ব নিতেই হবে।

“অবৈধ অভিবাসীর বোঝা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) অন্য সদস্যদের ওপর ফেলে দেয়া উচিত না” বলে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইয়াসিন।

জাতিসংঘ এরই মধ্যে রোহিঙ্গাদের নৌকা সাগরে ঠেলে না দেয়ার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। দেশে দুর্দশার শিকার হয়ে যারা পাড়ি জমিয়েছে সাগরের বিপজ্জনক পথে।

অসহায় এসব মানুষকে নিয়ে ‘পিংপং খেলা' বন্ধ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ৷ থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া অভিবাসীবাহী নৌকাগুলো একে অপরের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিটি দেশ থেকে তাড়া খেয়ে নৌকাগুলো এখন ভাসছে সাগরে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অনুমান, অন্তত ৮ হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি সাগরের বুকে ভেসে বেড়াচ্ছে৷ তাদের বেশিরভাগই মিয়ানমার ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গা মুসলমান৷ বাকিরা হতদরিদ্র বাংলাদেশি। মানবপাচারকারীদের ফাঁদে পড়ে সবাই এখন মহাসঙ্কটে৷ 

আসিয়ানের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান সাংবাদিকদের বলেন, বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় উঠে আসার আগে তিনি এ সঙ্কট নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার আশা করছেন। তবে মিয়ানমার এখনো মালয়েশিয়ার কোনো আহ্বানে সাড়া দেয়নি।

এ বছরের প্রথম তিনমাসে মানবপাচারকারীরা সমুদ্রপথে অন্তত ২৫ হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গা পাচার করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা।

জাতিসংঘ গত সপ্তাহে মিয়ানমারের সমালোচনা করে বলেছে, দেশটি বৈষম্যের ইতি না ঘটলে রোহিঙ্গাদের সাগর পাড়ি বন্ধ হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে কংগ্রেসে বলেছেন, ওয়াশিংটন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক কাটছাঁট না করলেও দেশটির ওপর কিছু নিষেধাজ্ঞা বহাল রাখবে।

রোহিঙ্গাদের মানবেতর পরিস্থিতিতে মিয়ানমারকে নিয়ে ওয়াশিংটন ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র এরিক শুলজ। ‘সাগরে আটকে পড়া জীবনগুলো বাঁচানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সীমান্ত খোলা রেখে অসহায় মানুষগুলোকে বাঁচাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন৷

রোহিঙ্গা এবং বাংলাদেশি অভিবাসী নিয়ে ঘণীভূত সঙ্কট নিরসনের জন্য আঞ্চলিক পর্যায়ে আলোচনার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড৷ আগামী ২৯শে মে সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মেলন হওয়ার কথা৷

কিন্তু মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন,  ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারিত হলে আমরা আলোচনায় যাব না।